'পরিবারবাদ' নিয়ে আর বলবেন মোদী? প্রশ্ন টিএমসির, দিব্যেন্দুর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সরব শান্তনু
Lok Sabha Election 2024: ওয়ানইন্ডিয়া বাংলার খবরে সিলমোহর। আজ অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী।
এরপরই পরিবারতন্ত্র বা 'পরিবারবাদ' নিয়ে নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্বকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন দিব্যেন্দু ও অর্জুন। অর্জুন ২০১৯ সালের ১৪ মার্চ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেবারও লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে সরাসরি দিল্লি চলে যান অর্জুন। এরপর বিজেপির টিকিটে জিতে ২০২২ সালের ২২ মে যোগ দেন তৃণমূল কংগ্রেসে।
এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৪২ জনের প্রার্থী তালিকায় নাম ছিল না অর্জুনের। তিনি দাবি করেছিলেন, অন্য আসনে দাঁড়ানোর প্রস্তাব বা বিধায়ক হয়ে মন্ত্রী করা হবে, এমন প্রস্তাব তিনি নাকচ করেছেন। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে, যিনি অর্জুনের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত।
দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানও অপ্রত্যাশিত নয়। দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরই দিব্যেন্দু এবং তাঁর পিতা শিশির অধিকারীকে লাগাতার আক্রমণ করে গিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক কর্মসূচিতেও ডাকা হতো না। দূরত্ব বাড়তে বাড়তে অবশেষে বিচ্ছেদের পথে হাঁটলেন দিব্যেন্দু।
দিব্যেন্দু বিজেপিতে যোগদান করলেও এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না। তবে তাঁকে দিল্লিতেই কোনও উচ্চপদে বসানোর আভাস রয়েছে। শুভেন্দু অধিকারী নিজে চেয়েছিলেন তাঁর পরিবারের কাউকেই যেন প্রার্থী না করে বিজেপি। কিন্তু যে বাড়িতে দুই সাংসদ, সেখানে অন্তত একজনকে প্রার্থী করতে নাছোড়বান্দা ছিল গেরুয়া শিবির।
শিশির অধিকারীর কাঁথি লোকসভা আসনে সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রটির সাংসদ দিব্যেন্দু, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন। তবে শুভেন্দু যে পরিবারবাদের নিশানা হতে চাইছিলেন না, সেটাই হলো দিব্যেন্দু বিজেপিতে যোগ দিতেই।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মুখপাত্র শান্তনু সেন একযোগে বলেছেন, শুভেন্দু অধিকারীর এক ভাই বিজেপির প্রার্থী, আরেক ভাইও যোগ দিলেন বিজেপিতে। অর্জুন বিজেপিরই সাংসদ, তিনি ঘরে ফিরলেন। তাঁর পুত্রও বিজেপির বিধায়ক। এবার নরেন্দ্র মোদী পরিবারবাদ নিয়ে কী বলবেন?
শান্তনু সেন এদিন দিব্যেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে বলেন, ওঁর বিজেপির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এতদিন। এদিন বিয়ে সম্পন্ন হলো। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, অর্জুন সিং পদ পেতে দলবদল করেন। ২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্যে শাসক দলের সঙ্গে থাকা উপভোগ করতেই তৃণমূলে এসেছিলেন। কিন্তু বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছিলেন। না হলে টিকিট না পাওয়ার পরই এত দ্রুত বিজেপিতে ফেরা যায় না।












Click it and Unblock the Notifications