Lok Sabha Election 2024: ডায়মন্ড হারবার নিয়ে বড় দাবি জানাচ্ছে বিজেপি, এগজিট পোল নিয়ে কী বললেন শুভেন্দু?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের শেষ দফায় বাংলায় ঝরল রক্ত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ১ লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি।
ডায়মন্ড হারবার, ফলতা, দমদমের নিউ ব্যারাকপুরের বিভিন্ন বুথে এই ঘটনা ঘটেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কয়েকশো বুথে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে গেরুয়া শিবির।

এরই মধ্যে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় বাংলায় বিজেপির আসন বৃদ্ধির আভাস মিলেছে। শুভেন্দু এদিন বলেন, আমি বিশেষজ্ঞ নই। মাটিতে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দলের কাজ করি। সারা দেশে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ চারশোর বেশি আসন পাবে, ২-৫টি এদিক-ওদিক হতে পারে। চারশোর আশাপাশেই থাকবে।
শুভেন্দুর আরও দাবি, বাংলায় ২০১৯ সালের তুলনায় বেশি আসন পাবে বিজেপি। এমনকী তৃণমূলের তুলনায় আসন সংখ্যার তুলনায় এগিয়ে থাকবে। তবে আজ প্রচুর হিংসাত্মক ঘটনা ঘটেছে। বিজেপির বহু কর্মী গুরুতর আহত। সন্দেশখালিতে তৃণমূলের দুষ্কৃতীদের গুলিতে একজন মারা গিয়েছেন বলে শুনছি। গুলিবিদ্ধ অনেককেই কলকাতায় আনা হচ্ছে।
শুভেন্দু জানান, বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বুথগুলিতে পুনরায় নির্বাচনের দাবি জানাবে। অনেক জায়গায় ভোটদানের সময় পার হওয়ার আগেই ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ করা হয়েছে, লোডশেডিং করানো হয়েছে। সেগুলি আমরা স্ক্রুটিনির সময় তুলে ধরব।
শুভেন্দুর কথায়, এবার ভোট হয়েছে বিজেপির সঙ্গে মমতা পুলিশের। যেভাবে পুলিশ কাল থেকে ভূমিকা পালন করেছে তাতে নিন্দার ভাষা নেই। আমাদের রাজ্যে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকেন। কিন্তু এবার হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার, ফলতা, এমনকী দমদম কেন্দ্রেও। ফলতায় ২৬০টির মধ্যে ২৩০টি বুথে ভোট লুঠ হয়েছে জাহাঙ্গির খানের নেতৃত্বে।
রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে মিসগাইড করেছে বলেও অভিযোগ শুভেন্দুর। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতা করায় সারাদিন ধরে হিংসা চলেছে। এবারের ভোটে তৃণমূলের কোনও ভূমিকা ছিল না। তাদের হয়ে ভোট করিয়েছে পুলিশ। তা সত্ত্বেও মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে বিজেপির আসন বাড়বে।












Click it and Unblock the Notifications