News X-DDynamics WB Exit Poll: তৃণমূলের থেকে বিজেপির ঝুলিতে তিন আসন, দাবি নিউজ এক্স-ডিডায়নামিক্স এগজিট পোলে
News X-Dynamics WB Exit Poll: পশ্চিমবঙ্গে এবার সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে বিজেপি। লোকসভা নির্বাচনের বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস।
নিউজ এক্স-ডিকোডিং ডায়নামিক্সের বুথ ফেরত সমীক্ষাও বাংলায় এগিয়ে রাখল বিজেপিকে। যদিও এই সম্ভাব্য ফল মেলে কিনা তার উত্তর মিলবে ৪ জুন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ২টি আসন। সেটিই ২০১৯ সালে বেড়ে হয়েছিল ১৮। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন, ২০১৪ সালে জিতেছিল ৩৪টি আসনে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ২টি আসনে, বামেরা একটিও পায়নি। এবার অবশ্য বাম-কংগ্রেস একযোগে লড়েছে।
নিউজ এক্স-ডিকোডিং ডায়নামিক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার পেতে পারে ২১টি আসন। ফলে তাদের ৩টি আসন বাড়তে চলেছে বলে সমীক্ষায় আভাস। তৃণমূলের আসন ২২ থেকে কমে এবার চলে আসতে পারে ১৯-এ। কংগ্রেস জিতবে ২টি আসনে। কোনও বাম প্রার্থী এবারও জিততে পারবেন না বলে সমীক্ষায় উল্লেখ।
ইতিমধ্যেই এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষাতেও বাংলায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী তৃণমূলের আসন ২২ থেকে নেমে আসতে পারে ১৩ থেকে ১৭-তে। বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৭টি আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১ থেকে ৩টি আসন।
জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ২১ থেকে ২৬টি, কংগ্রেস সর্বাধিক ২টি, তৃণমূল ১৬ থেকে ১৮টি আসনে জিততে পারে বলে উল্লেখ। একটি আসনে বামেদের জয়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ইন্ডিয়া টিভি সিএনএক্সের এগজিট পোল অনুযায়ী বাংলায় বিজেপি ২২ থেকে ২৬টি, তৃণমূল ১৪ থেকে ১৮ ও কংগ্রেস ১ থেকে ২টি আসনে জিততে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications