Lok Sabha Election 2024: তৃণমূল চমকানোর রাজনীতি করে না! শুভেন্দুকে জবাব দিলেন হাওড়ার 'ছোট ভাইপো'
এলাকায় এলাকায় ভাইপো তৈরি হয়েছে বলে হাওড়ায় এসে তৃণমূলকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে বালিতে এক রোড-শো'তে অংশ নিয়ে কর্মসূচির শেষে সরাসরি নাম করে শুভেন্দু নিশানা করেন হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্রকে। মঙ্গলবার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা।
শুভেন্দু অধিকারী বলেন, এলাকায় এলাকায় ছোট ভাইপো তৈরি হয়েছে। এখানে এক ভাইপো আছে, কৈলাশ মিশ্র। তাঁকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শুনে নিন, আপনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। যত গুণ্ডা আছে, কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান সবাইকে সিধে করে দিয়েছি।

- শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি
লোকসভা ভোটের বাকি তিন পর্যায়ে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরদারি থাকবে বলেও আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সব বুথে এজেন্টরা চৌকিদারের কাজ করবেন। ১৮ মে সন্ধের পরে কেউ যদি হুমকি দেয়-চমকায়, তাহলে বুথ, পোলিং স্টেশন নম্বর ও এলাকার নাম লিখে তাঁকে যেন পাঠানো হয়। কী ভাবে শায়েস্তা করতে হয় তা তাঁর জানা আছে।
- পাল্টা কৈলাশ মিশ্র
এর জবাবে কৈলাশ মিশ্রও সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা মন্তব্য করেন। তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি কৈলাস মিশ্র বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাঁকরাইলে, উত্তর হাওড়া এবং বালিতে এসে তাঁর নাম নিয়েছেন। উনি যতবার নাম নেবেন, ততো বেশি ভোটে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবেন। উনি যত বেশিবার তৃণমূলের বিরুদ্ধে বলবেন ততো বেশি ভোট মানুষ ভোট দেবেন শাসকদলকে।
- শুভেন্দুর বিশ্বাস চমকানিতে
বিরোধী দলনেতার কাছে অনুরোধ জানিয়ে কৈলাশ মিশ্র বলেছেন, তিনি নিশ্চিত করুন প্রসূন বন্দ্যোপাধ্যায় যদি হাওড়ায় জেতেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। তাহলে বুঝবেন, উনি গণতন্ত্রের ওপর বিশ্বাস করছেন। উনি আসলে চমকানির রাজনীতির ওপর বিশ্বাস করেন। উনি একজন যুব সভাপতিকে এসে চমকে যাচ্ছেন বারবার। তৃণমূল সেই রাজনীতি করে না, বলেছেন কৈলাশ মিশ্র।
তিনি প্রশ্ন করেছেন, উনি (শুভেন্দু) তৃণমূলকে গুন্ডা বলছেন। কিন্তু গুন্ডার মতো আচরণ কারা করছেন ? মুখের কথাতেই বাংলার মানুষ বুঝে গিয়েছেন কে গুণ্ডা আর কে ভদ্রলোক। বালির মানুষ ধমকানি- চমকানির জবাব ২০ তারিখ ভোট বাক্সে দেবেন। বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে , আর ওনারও রোড শো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং শুভেন্দু অধিকারীর রোড শো মানুষ দেখলেই জানতে পারবেন কত মানুষ দুই জায়গায় ছিল।
কৈলাশ মিশ্র বলেন, তৃণমূল চমকানির রাজনীতিতে বিশ্বাস করে না। মানুষের ওপর আমাদের বিশ্বাস আছে। তাঁরাই জিতবেন।












Click it and Unblock the Notifications