Lok Sabha Election 2024: বাংলায় চার জেলাশাসক নিয়োগ কমিশনের! উদ্ধার কোটি কোটি টাকা
Lok Sabha Election 2024: বাংলার চার জেলায় নতুন চার জেলাশাসক নিয়োগ করল নির্বাচন কমিশন। গত কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে সরিয়ে দেয় কমিশন। আজ শুক্রবার মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়ে ওই চার জেলার জেলাশাসকের নাম অনুমোদন করল নির্বাচন কমিশন।
আগামীকাল সকাল ১০ টার মধ্যেই নতুন চার জেলাশাসককে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়শী দাশগুপ্ত পূর্ব মেদিনীপুরের নয়া জেলাশাসক হলেন।

তিনি আইএস ২০১০ সালের ব্যাচ। মৌমিতা গোদারা বসুকে ঝাড়গ্রামের নতুন জেলাশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আইএস ২০০৭ সালের ব্যাচ। বীরভূমে নতুন জেলাশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে শশাঙ্ক শেঠিকে। যিনি ২০১০ সালের আইএস ব্যাচ বলে কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে।
অন্যদিকে বর্ধমান জেলায় কে রাধিকা আয়ারকে নয়া জেলাশাসক করে পাঠানো হয়েছে। রাধিকা ২০১১ সালের আইএস ব্যাচ। পশ্চিমবঙ্গ ক্যাডারের এই চার অফিসার শনিবার নির্ধারিত সময়ে দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, গত কুড়ি তারিখ থেকে মনোনয়ন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে।
প্রথমদিন কোচবিহারে ৪ টি মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে বিজেপি ২ টি ও এসইউসিআই ২ টি। অন্যদিকে কোচবিহারে ১৪,৭৮৬ টি, আলিপুরদুয়ার ৩,৭৪৩ টি এবং জলপাইগুড়ি ৭,১৮৬ টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশনের ওই আধিকারিক।
তবে গোটা রাজ্যে মোট ২,৩৬,৬৬৪ টি অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েছে। প্রত্যেকটি অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন অরিন্দম নিয়োগী। তবে ভোটের মুখে বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কমিশন। উদ্ধার হয়েছে প্রচুর অর্থের গহনা সহ বিভিন্ন দূর্মূল্য সামগ্রী।
ECI appoints new DMs for four districts of West Bengal. pic.twitter.com/mYths4YG6M
— ANI (@ANI) March 22, 2024
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। গহনা সহ বিভিন্ন দূর্মূল্য সামগ্রী উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ কোটি ২৩ লক্ষ ৯০ হাজার টাকা বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
পাশাপাশি অবাধ এবং শান্তিপুর নির্বাচন করাতে মাসের শুরুতেই প্রায় দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলার বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। যার মধ্যে আলিপুরদুয়ারে ২ কোম্পানি, কোচবিহার ৫ কোম্পানি এবং জলপাইগুড়িতে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications