Lok Sabha Election 2024: বিভিন্ন জায়গায় বুথে বসতে বাধার অভিযোগ! জয়নগরে জলে ইভিএম-ভিভিপ্যাট
Lok Sabha Election 2024: সপ্তম দফার ভোটের শুরু হতেই বিভিন্ন জায়গায় থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গিয়েছে। বসিরহাটের সন্দেশখালিতে রাতে পুলিশের পোশাকে তৃণমূল গুন্ডা ও সিভিক ভলান্টিয়াররা হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় গ্রামবাসীরা।
অন্যদিকে এদিন সকালে ভোট শুরুর পরেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কুলতলির ৪০ ও ৪১ নম্বর বুথে বিজেপি-সহ বিরোধী দলের এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তারপরেই গ্রামবাসী বুথে ঢুকে ইভিএম এবং ভিভিপ্যাট তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়।

ঘটনার খবর পেয়ে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় যায়। কিন্তু গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী অশোক কান্ডারি অভিযোগ করেছেন, সেখানে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছিল না। তারপরেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
যদিও পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বুথ থেকে কোনও ইভিএম-ভিভিপ্যাট ডলে ফেলা হয়নি। সেক্টর অফিসারের গাড়িতে যে বাড়তি ইভিএম ভিভিপ্যাট রাখা ছিল তাই জলে ফেলা হয়।
এদিন সকালে উত্তর কলকাতা কেন্দ্রের অধীনে বরাহনগরের একাধিক জায়গায় বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিভিন্ন জায়গায় যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ।
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ২৬৪ এবং ২৬৫ নম্বর বুথ, সোনালী পার্কের কাছে একটি স্কুলে ভোট প্রক্রিয়া যখন শুরু হয়, সেই সময় সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তব চট্টোপাধ্যায়ের অভিযোগ, বুথের বাইরে বেশ কিছু মানুষের জমায়েত হয় এবং তারা, যাঁরা ভোট দিতে এসেছে তাঁদের বাধা দিচ্ছে, এই খবর পেয়ে তিনি যখন ওই বুথের সামনে যান, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর হামলা করে, তাঁকে মারধর করে এবং তাঁর গাড়ি ভাঙচুর করে।
এদিকে শুক্রবার গভীর রাতে যাদবপুর কেন্দ্রের বাঘাযতীনে তৃণমূলের বাইক বাহিনী সিপিএম নেতা-কর্মীদের বাড়িতে ইট ছোঁড়ে বলে অভিযোগ। জানালার কাঁচও ভেঙে দেওয়া হয়। এব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে শুক্রবার রাতে যাদবপুর কেন্দ্রেরই ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলা করা হয় বলে অভিযোগ। রাতেই ভাঙড় থানায় যান আইএসএফ প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। শুক্রবার গভীর রাতে ভাঙড়ে পতালা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষ হয়।
ভোটের সকালেই উত্তপ্ত ভাঙরের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ কর্মীরা।












Click it and Unblock the Notifications