Lok Sabha Election 2024: আইনশৃঙ্খলার অবনতি হলেই চিহ্নিত করুন! জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি! তবে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট করানোটাই এখন বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। আর তাই নজিরবিহীন ভাবে ৯০০ এরও বেশি কোম্পানি বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চেয়েছে কমিশন।
এবার বাংলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি জেলায় আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেযেছে নির্বাচন কমিশন। কোনও জায়গায় যদি আইন-শৃঙ্খলার অবনতি হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (Lok Sabha Election 2024) ।

শুক্রবার জেলাশাসকের ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকেই আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় জেলাশাসকদের সঙ্গে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব প্রয়োজনীয় নির্দেশ দেন জেলাশাসকদের। আগামী ২৪ ফেব্রুয়ারি ফের হবে বৈঠক।
ওই দিন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলায় জেলায় যে সব অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করে রাখার নির্দেশ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
শুক্রবার প্রায় দু'ঘণ্টা ধরে হয় ভার্চুয়াল বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এটা স্পষ্ট যে আপাতত উত্তর ২৪ পরগনাকে বিশেষ নজর দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন।
প্রতিদিন যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে তা সামাল দিতে গিয়ে রাজ্য প্রশাসন সহ পুলিশকেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সেই কারণেই কমিশনের নজর এবার উত্তর ২৪ পরগনায়। শুক্রবার আরিজ আফতাব জেলাশাসকদের জানিয়েছেন এর আগে যে ভোট হয়েছে, সেখানে উত্তেজনাপ্রবণ এলাকার বুথে কী করা হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তাদের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা পরের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিস্তারিতভাবে কমিশনের দেওয়া তালিকায় সে সব সঠিকভাবে লিপিবদ্ধ করতে বলা হয়েছে।
কমিশন যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, ৭ দফাতেই হতে পারে ভোট। বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন উদ্বিগ্ন দেশের জাতীয় নির্বাচন কমিশন তখন আসন্ন লোকসভা নির্বাচন কতটা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সক্ষম হয় নির্বাচন কমিশন, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications