Lok sabha Election 2024: ৩৫ আসনের লক্ষ্যে বাংলায় গেরুয়া শিবিরের হাতিয়ার 'জার্ভিস'! BJP-র নতুন অফিসে আলাদা ঘর
Lok sabha Election 2024: ইস বার দুশো পার। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২০০ আসনের অনেক আগেই থেমে গিয়েছিল বিজেপি। সেখানে অমিত শাহের স্লোগান কাজে আসনি। এবার অমিত শাহ লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ৩৫ আসনের টার্গেট দিয়েছেন। সেই টার্গেট পূরণ করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের খারাপ ফলের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে চুক্তি হয় তৃণমূলের। তারপর থেকে সব নির্বাচনেই আইপ্যাক তাদের সাফল্য ধরে রেখেছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই আইপ্যাকই সাহায্য করবে তৃণমূলকে। যদিও তারই মধ্যে বিজেপির হাতিয়ার হয়ে উঠছে 'জার্ভিস'।

এই জার্ভিস হল মুম্বই ভিত্তিক ভোট কুশলী সংস্থা। পুরো নাম জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। ইতি মধ্যে তারা কাজ শুরু করলেও, রাজ্য বিজেপি নেতৃত্ব এব্যপারে কোনও মন্তব্যে নারাজ। বিষয়টিতে দলের অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে গিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
এবারের লোকসভা নির্বাচনে জার্ভিস বিজেপিকে পিছন থেকে সহায়তা করবে। যো জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের চুক্তিও হয়েছে। দলের তরফে এই সংস্থার সঙ্গে যোগাযোগের দায়িত্বে রয়েছেন বাংলার দায়িত্ব প্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল।
২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্য নেতৃত্বের দেওয়া তথ্যের ওপরে ভিত্তি করে লড়াইয়ে সামিল হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু ভোটের পরে দেখা যায়, সেই রিপোর্টে অনেক গলদ ছিল। যে কারণে এবার প্রথম থেকেই আলাদা সংস্থাকে দিয়ে পরিকল্পনা আঁটোসাটো করতে চাইছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।
জার্ভিস নামক ভোট কুশলী সংস্থা এলাকা ভিত্তিক পরিসংখ্যান তৈরি করবে। কোন এলাকায় প্রচারে কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হবে, তাও তারা ঠিক করে দেবে। কোন এলাকায় কেন্দ্রীয় কোন প্রকল্পের সাহায্য সাধারণ মানুষ বেশি পেয়েছেন, তারও পরিসংখ্যান তৈরি করবে আইপ্যাকের প্রতিদ্বন্দ্বী এই সংস্থা।
প্রার্থী বাছাই থেকে প্রচার সবেতেই জার্ভিসের ভূমিকা থাকার সম্ভাবনা বেশি। দিন যত যাবে, এব্যাপারে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। সোমবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সভাপতি জেপি নাড্ডা। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনায় জার্ভিসের ভূমিকার কথাও উঠে আসতে পারে বলে সূত্রের খবর।
আপাতত মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে কাজ শুরু করলেও, পরবর্তী সময়ে সল্টলেকের সেক্টর ফাইভে বিজেপির নতুন রাজ্য দফতরে চার তলায় জার্ভিসের জন্য জায়গা ছেড়ে দেবে বিজেপির রাজ্য নেতৃত্ব। এছাড়া জেলায় জেলায় অফিস খুলবে জার্ভিস। আপাতত প্রায় দেড় ডজন জেলায় এই অফিস খোলা হবে।












Click it and Unblock the Notifications