Lok Sabha Election 2024: মোদীর জন্য আপত্তিকর শব্দচয়ন মমতার! নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে কু-কথার অভিযোগ। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির নিশানায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে মমতা আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন বলে অভিযোগ এনে নির্বাচন কমিশনে চিঠি পাঠাল বিজেপি। উপযুক্ত পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।

দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বিজেপি অভিযোগ করেছে, কোচবিহারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'শালা' (SALA) বলে সম্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এমন অপশব্দ প্রয়োগ অনভিপ্রেত বলে উল্লেখ করেছে বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বাভাবিকভাবেই রয়েছে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকায়, যেমন বিজেপির অন্যতম তারকা প্রচারক নরেন্দ্র মোদী। বিতর্ক তৈরি হয়েছে কোচবিহারের মাথাভাঙায় মমতার সভাকে কেন্দ্র করেই। নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
নির্বাচনী প্রচারে কু-কথা বন্ধে কড়া পদক্ষেপের কথা আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো গাইডলাইনেও আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশিকা ছিল। তার উল্লেখ করেই মমতার বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। জমা দেওয়া হয়েছে বক্তব্যের ভিডিও ফুটেজ।
গতকাল মমতার এই শব্দচয়নের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদহের জনসভায় তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীকে শালা বলেছেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগরের বাংলায় এই ধরনের বক্তব্যের বদলা নেবেন তো? ইভিএমেই এই ধরনের কু-কথার প্রতিবাদ লিপিবদ্ধ করে বিজেপিকে জেতানোর ডাক দেন শুভেন্দু।
দলনেত্রীর পদাঙ্ক অনুসরণ করে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা যে বেলাগামভাবে অপশব্দ প্রয়োগ করে চলেছেন তাও নির্বাচন কমিশনের নজরে এনেছে বিজেপি। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলির সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অপশব্দ প্রয়োগ করেছেন বলেও নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। এক মহিলা প্রার্থীকে 'দুই নম্বর মাল' বলে অসিত কটাক্ষ করেন বলে অভিযোগ। এই বক্তব্যের প্রেক্ষিতে অসিতের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications