নব জোয়ার নয়, নতুন কেক! দেশ ছেড়ে পালাতেই বিমানবন্দরে রুজিরা, বিস্ফোরক লকেট
রুজিরা বন্দোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংসদের। রুজিরার বিদেশে যাওয়ার চেষ্টা, আর তাতেই নাকি পালানোর ইঙ্গিত খুঁজে পাচ্ছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বৃহস্পতিবার চুঁচুড়ায় হুগলির জেলা বিজেপির দপ্তরে কেন্দ্রের সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক বৈঠক করেন তিনি। তুকে ধরেন কেন্দ্র সরকারের নানান প্রকল্প এবং তাতে সুবিধাভোগী মানুষের কথা।
এই বৈঠকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা প্রসঙ্গে লকেট (Locket Chatterjee) বলেন, খারাপ লাগে এমন দুর্নীতি করেছে, স্ত্রী-শ্যালিকা-পরিবারকে যুক্ত করেছে। কালো টাকাকে সাদা করতে কোম্পানি করে জনতার টাকা লুট করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রুজিরার বিদেশ যাওয়া নিয়ে লকেট বলেন, রুজিরা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তাঁকে তিনি (লকেট) সম্মান দেন। লুক আউট নোটিশ থাকা সত্ত্বেও কী করে একজন বিদেশে যেতে পারে সেটাও একটা প্রশ্ন চিহ্ন। এর থেকে পালানোর একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন বলে জানিয়েছেন হুগলির সাংসদ।
কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার বিরুদ্ধে সরব আদিবাসীরা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী সংগঠনগুলির ডাকে ১২ ঘন্টা বনধ চলছে। এব্যাপারে প্রশ্ন করা হলে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, সরকারের দায়িত্ব আদিবাসীদের সঙ্গে বসে আলোচনা করা। এদিন আদিবাসীদের এই কর্মসূচির জন্য দায়ী রাজ্য সরকার।
বোলপুরের অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক বিদ্যুৎবরণ গাইনের এদিন সিবিআই হানার প্রসঙ্গে লকেট বলেন, এটা হবেই। সায়গল থেকে শুরু করে একাধিক লোককে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডল সন্ত্রাসের রাজ চালিয়েছেন। কয়লা-গরু পাচারের রাজত্ব করেছেন। গরিব মানুষকে যুক্ত করে টাকা সাইফন করা হয়েছে। বিজেপি চায় দোষীদের শাস্তি হোক।

পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দোপাধ্যায়ের সদ্য ঘোষিত সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিকে। লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, এর আগে বারো বছরে নতুন করে যখনই নির্বাচন এসেছে তখনই দিদিকে বল, দিদির সুরক্ষা কবচ, নবজোয়ার এসব নানান কর্মসূচি হয়েছে, বিভিন্ন নাম দিয়ে। সামনে পঞ্চায়েত ভোট তাই আবার নতুন নতুন নাম দিয়ে নানান কর্মসূচি আনবে।
তিনি বলেন, যখন দেখছে পুরনো নাম বদনাম হয়ে যাচ্ছে, তখন আবার নতুন করে নাম দিয়ে একটা কিছু আনা হচ্ছে। দিদিকে এত বলেছে তার কোনওটাই পূরণ হয়নি। এজন্য একটা নতুন কেক নিয়ে এসে হাজির হয়েছে। এগুলো সব আইওয়াশ বলে কটাক্ষ সাংসদের।












Click it and Unblock the Notifications