বিজেপির নয়, নোয়াপাড়ায় মুখ পুড়েছে গণতন্ত্রের, মমতাকে নিশানায় সাফাই লকেটের
হুগলির চুঁচুড়ায় দলীয় সভায় প্রার্থী বিতর্কে অস্বস্তি এড়াতে তিনি সাফ জানালেন, ‘বিজেপিতে প্রার্থী বড় কথা নয়, বড় কথা হল ভোটাররা। ভোটাররাই আসল।
এবার প্রার্থী বিতর্কে মুখ খুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। হুগলির চুঁচুড়ায় দলীয় সভায় প্রার্থী বিতর্কে অস্বস্তি এড়াতে তিনি সাফ জানালেন, 'বিজেপিতে প্রার্থী বড় কথা নয়, বড় কথা হল ভোটাররা। ভোটাররাই আসল। আর তাঁরাই হলেন শেষ কথা। আমাদের মানুষের উপর ভরসা আছে। তাঁরা ভোট দিয়ে বিজয়ী করবেন বিজেপিকে, কোনও প্রার্থীকে নয়।'

আগামী ২৯ জানুয়ারি রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন। তার আগে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভোটে প্রার্থী বাছাই নিয়ে নাটক চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। বিশেষ করে নোয়াপাড়ায় প্রার্থী নিয়ে যে বিতর্ক বাধে, তা নিয়ে খোঁচা শুনতে হচ্ছে সর্বত্রই। সেই খোঁচা ভালোই সামলালেন বিজেপির এই নেত্রী।
লকেট চট্টোপাধ্যায় এদিন নোয়াপাড়া প্রার্থী বিতর্কে সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতেই বিভিন্ন সংবাদমাধ্যমে এই ধরনের সমালোচনা বের হচ্ছে তাঁদের বিরুদ্ধে। নোয়াপাড়ায় মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণা করে বিজেপির মুখ পুড়েছে বলে দেখানো হয়েছে বিভিন্ন মিডিয়ায়।' লকেট আরও বলেন, 'মুখ পোড়েনি বিজেপির, আসলে মুখ পুড়েছে গণতন্ত্রের। মুখ পুড়েছে রাজ্যবাসীর।'
মঞ্জু বসুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বিপাকে পড়া প্রসঙ্গে লকেটের যুক্তি, 'তাঁদের পূর্বঘোষিত প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে। জোর করে অন্য কথা বলতে বাধ্য করা হচ্ছে। এই ঘটনা কী প্রমাণ করে? এই ঘটনা প্রমাণ করে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তৃণমূল আমলে রাজ্যে যা ঘটছে, এর যোগ্য জবাব দেবে নোয়াপাড়া। নোয়াপাড়ার মানুষ বিজেপি প্রার্থীকে জিতিয়ে বুঝিয়ে দেবে শাসকদলের এই নোংরা রাজনীতি তাঁরা সমর্থন করেন না।
এদিন বিশ্ব বাংলা নিয়েও কটাক্ষ করেন লকেট। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, 'তৃণমূল কোনও প্রতিশ্রুতিই পালন করতে পারেনি। বিশ্ববাংলা সম্মেলন নিয়ে ঢাকঢোল বাজিয়ে যে প্রচার করা হয়, তা ফোঁপরা ঢেঁকির মতোই বাজে। কোনও শিল্পই মুখ্যমন্ত্রী আনতে পারেননি রাজ্যে। অথচ বাণিজ্য সম্মেলনের আগে বিশ্ব শব্দ বসিয়ে বছর বছর প্রচার সর্বস্ব হয়ে উঠছে এই কর্মসূচি।'












Click it and Unblock the Notifications