বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের সম্ভাব্য তালিকায় কারা থাকছেন! কোন পথেই হাঁটছেন মোদী-শাহরা
পশ্চিমবঙ্গে ২০১৯-এর টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। এবার তাদের সামনের টার্গেট হল ২০২১-এর বিধানসভা নির্বাচন।
পশ্চিমবঙ্গে ২০১৯-এর টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। এবার তাদের সামনের টার্গেট হল রাজ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা। সেদিকে খেয়াল রেখে এবার রাজ্য থেকে একাধিক বিজেপি সাংসদকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। তালিকায় দিলীপ ঘোষ থেকে বাবুল সুপ্রিয়, এমনকী অর্জুন সিংও রয়েছেন বলে জানা যাচ্ছে।
রাজ্য থেকে মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় দেখা যেতে বাংলার কোন কোন মুখকে, একনজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা।

বাবুল সুপ্রিয়
গত পাঁচ বছর রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর এবার পূর্ণমন্ত্রী করা হতে পারে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। আগের বারের থেকেও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। হারিয়েছেন তৃণমূল সাংসদ মুনমুন সেনকে।

দিলীপ ঘোষ
খড়গপুর থেকে বিধায়ক পদ সামলানোর পাশাপাশি রাজ্য সভাপতির পদ সামলেছেন। টার্গেটের কাছাকাছি পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর তিনি। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে কেন্দ্রের
মন্ত্রীপদ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি করা হতে পারে মুকুল রায়কে।

লকেট চট্টোপাধ্যায়
মন্ত্রী করা হতে পারে লকেট চট্টোপাধ্যায়কে। তবে বিধানসভা নির্বাচনের আগে লকেট চট্টোপাধ্যায়কে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরানোর ব্যাপারে
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আপত্তি উঠতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তিনি।

দেবশ্রী চৌধুরী
রায়গঞ্জে প্রচারে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন জিতলে দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হবে। তাই দেবশ্রী চৌধুরীর মন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে
করছেন অনেকে।

সুভাষ সরকার
মোদী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাঁকুড়়া থেকে নব নির্বাচিত বিজেপির সাংসদ সুভাষ সরকার। ভাল জনসংযোগের পাশাপাশি তিনি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুব্রত
মুখোপাধ্যায়কে হারিয়েছেন।

অর্জুন সিং
মন্ত্রী করা হতে পারে অর্জুন সিংকে। ব্যারাকপুরের মতো কঠিন আসন জয়ের পুরস্কার স্বরূপ তাঁকে দেওয়া হতে পারে মন্ত্রীপদ।
এছাড়াও তৃণমূলের ঘর ভাঙাতে মন্ত্রীপদকেও হাতিয়ার করা হতে পারে। যেভাবে ২০০৯-এ ইউপিএ-টু ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে ক্ষমতার
ব্যবহার করেছিলেন, ঠিক তেমনই ২০২১-এর আগে রাজ্য থেকে একাধিক নেতাকে মন্ত্রী করে তৃণমূলকে চাপে ফেলার কৌশল নিতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications