সৈনিক স্কুলের মডেলে পুলিশ স্কুল তৈরি হবে রাজ্যে

সেনাবাহিনীর কর্মীদের মতো পুলিশেও বদলির চাকরি। তাই পুলিশকর্মীদের সন্তানদের পড়াশুনোর বিস্তর ক্ষয়ক্ষতি হয়। এ কারণে আলাদা পুলিশ স্কুল তৈরির ব্যাপারে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পুলিশকর্মীরা। এই দাবি মেনে নিয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল রাজ্য সরকার।
প্রথমে শিলিগুড়ি ও বারাকপুরে এমন দু'টি স্কুল চালু হবে। পরে অন্যান্য জেলাতেও তৈরি হবে এমন স্কুল। এ জন্য কত টাকার বিনিময়ে কত বছরের জন্য জমি লিজ দেওয়া হবে, তা ঠিক করবে রাজ্য মন্ত্রীসভা। কোনও নামজাদা বেসরকারি সংস্থাকে স্কুলভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হবে। তবে স্কুলের পরিচালনা, পঠনপাঠন কিন্তু থাকবে রাজ্য সরকারের হাতে। প্রকল্প ঠিকঠাক এগোচ্ছে কি না, তা দেখতে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করবে রাজ্য সরকার। ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে পুলিশকর্মীদের সন্তানদের জন্য। বাকি ৬০ শতাংশ আসনে সাধারণ ঘরের ছেলেরা ভর্তি হতে পারবে। এখানকার পড়ুয়াদের পুলিশে যোগ দেওয়ার ব্যাপারে ছোটো থেকেই উৎসাহিত করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ছেয়েছিলেন যে, পুলিশ স্কুলে ১০০ শতাংশ আসনই সংরক্ষিত থাকুক পুলিশকর্মীদের সন্তানদের জন্য। কিন্তু আইনজ্ঞরা পরামর্শ দেন, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সরকারের এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে মামলাও রুজু হতে পারে। তার পরই সরকার ৪০-৬০ অনুপাত ঠিক করে। আশা, আগামী বছরের মাঝামাঝি থেকে এ ধরনের স্কুল চালু করা সম্ভব হবে।












Click it and Unblock the Notifications