Lok Sabha Election 2024: নির্বাচনের আগে মমতা-অভিষেককে প্রাণনাশের হুমকি! তদন্তে পুলিশ
Lok Sabha Election 2024: নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণনাশের হুমকি। আর সেই হুমকি দিয়ে পড়ল পোস্টার। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ফুলেশ্বর মনসাতলায়।
শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কে বা কারা এই পোস্টার লাগানো তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের (Lok Sabha Election 2024) তিনদিন আগে এই পোস্টার কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে ১৬ নং জাতীয় সড়কের মনসাতলা উড়ালপুলের পাশে পোস্টার দেওয়া হয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। আজ শুক্রবার সকালে ব্যানারটি নজরে আসতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
সোমবার ২০মে উলুবেড়িয়া কেন্দ্রে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ভোটের আবহে এই পোস্টার ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় উলুবেড়িয়া মনসাতলা এলাকায়। এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে যায় উলুবেড়িয়ায়। পুলিশের তরফে জানানো হয়েছে, চিঠিতে কী লেখা আছে সেটা এখনও স্পষ্ট নয়। কেউ বা কারা রাতের অন্ধকারে একাজ করেছে। ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে।
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা আছে। নির্বাচনের মুখে এলাকায় আতঙ্ক ছড়াতেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি। বিষয়টি হাতে পুলিশ গুরুত্ব দিয়ে দেখে সেজন্য শাসকদলের তরফে স্থানীয় পুলিশ প্রশাসনে আবেদন জানানো হয়েছে।
এমনকি কমিশনও যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সেই আবেদনও জানানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। আতঙ্ক ছড়াতে আর বিজেপিকে কালিমালিপ্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি বিজেপির।












Click it and Unblock the Notifications