বামেদের সাইনবোর্ডও এই লোকসভার পরে খসে পড়বে বাংলায়, ইঙ্গিত সমীক্ষায়
এবার একেবারে জামানত জব্দ হতে চলেছে বামেদের।
বাংলা একসময়ে বামেদের বিশেষ করে সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল। ষাটের দশকের পর থেকে খেটে খাওয়া শ্রেণির আন্দোলনের মধ্যে দিয়ে যে বাম ভাবনা বাংলার আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছিল তা একবিংশ শতাব্দীতে এসে হারিয়ে গিয়েছে। সাড়ে তিন দশকের দুর্ভেগ্য দুর্গ জয় করে ২০১১ সালে বাংলায় ক্ষমতা দখল করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে যেমন ক্রমেই পতনের পর পতন হয়ে চলেছে বাংলার বামফ্রন্টের।

ফল আগের চেয়েও খারাপ
২০০৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৫টি আসন পেয়েছিল বামেরা। আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তা কমে ২টিতে নেমে আসে। কোনওমতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল বামেরা।

একেবারে জামানত জব্দ
আর এবার একেবারে জামানত জব্দ হতে চলেছে। এতদিন বাংলায় টিমটিম করে ২টি সাংসদ নিয়ে বামেরা অস্তিত্ব জানান দিচ্ছিলেন। আর এবারের লোকসভা নির্বাচনে এবিপির সমীক্ষা অনুযায়ী একটিও আসন বামেরা পাবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যার অর্থ সাইনবোর্ডটুকুও এবার খসে পড়তে চলেছে।

পিছিয়ে নেই কংগ্রেস
খুব পিছিয়ে নেই কংগ্রেসও। ৪২টি আসনের মধ্যে এবার মাত্র ১টি কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে বলে সমীক্ষায় ইঙ্গিত করা হয়েছে। আগের নির্বাচনে কংগ্রেস ৪টি আসন পেয়েছিল। এবার সেই সম্ভাবনাটুকুও নেই।

সামগ্রিক বাংলার ফল
সবমিলিয়ে বাংলায় ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৪টি, বিজেপি ৭টি, কংগ্রেস ১টি ও বামেরা কোনও আসন পাবে না বলেই এবিপি-সি ভোটার সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications