আইন ভাঙছেন আইনের কারবারি! শিশু পরিচারিকাকে নির্মম প্রহারের অভিযোগ
বাড়ির ৫ বছরের শিশু পরিচারিকাকে বেধড়ক মারধরেরও ঘোরতর অভিযোগ উঠল রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী দেবাশিসকুমার বসুর বিরুদ্ধে।
রায়গঞ্জ, ১২ নভেম্বর : আইনের কারবারির বাড়িতেই বেআইনি কাজ-কারবার! শিশুশ্রমের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত খোদ আইনজীবী। এবার বাড়ির ৫ বছরের শিশু পরিচারিকাকে বেধড়ক মারধরেরও ঘোরতর অভিযোগ উঠল রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী দেবাশিসকুমার বসুর বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ওই আইনজীবীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান।
ওই আইনজীবীকে মারধর করা হয় বলেও অভিযোগ। রায়গঞ্জ থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যদের। পুলিশ জানিয়েছে, নিগৃহীত শিশু পরিচারিকার নাম কৃষ্ণা বর্মন। স্থানীয়দের অভিযোগ, ওই শিশুটিকে দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হত। না পারলেই জুটল মার। আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যরা দিনের পর দিন এই অমানবিক ব্যবহার চালিয়ে যাচ্ছিলেন।

অভিযোগ, শুক্রবার শিশুটিকে লাঠি দিয়ে মারধর করা হয়। কান ধরে ওঠবোসও করানো হয়। এরপর মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তার কান্না শুনেই স্থানীয়রা ছুটে আসেন। প্রতিবাদে সোচ্চার হন। এলাকাবাসীর দাবি, স্ত্রীকে খুনের অভিযোগে দেবাশিসবাবু জেল খেটেছিলেন। তার পরও তাঁর মানসিকতায় পরিবর্তন আসেনি। এই নির্মমতার শাস্তি দিতে তাই আইনজীবীর বাড়িতে ঢুকেই গণপিটুনি দিতে শুরু করে উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় বাড়িতে।
দেবাশিসবাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। পড়াশোনা করছিল না বলেই শিশুটিকে ওঠবোস করান তিনি। তাঁকে এলাকাছাড়া করার পরিকল্পনা চলছে বলে পাল্টা অভিযোগ দেবাশিসবাবুর। স্থানীয়দের দাবি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন।












Click it and Unblock the Notifications