নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা! দক্ষিণবঙ্গে কি ভ্যাপসা গরম, একনজরে পূর্বাভাস
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা! দক্ষিণবঙ্গে কি ভ্যাপসা গরম, একনজরে পূর্বাভাস
ভোর থেকে কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি। তবে মাঝে মধ্যে বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। তার সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। আবহাওয়া দফতর জানিয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তির আবহাওয়া চলতে থাকবে। তবে অসমে নিম্নচাপের কারণে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস( weather office)।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার ও রবিবার নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সঙ্গে সবকটি জেলাতই ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার নাগাদ পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস। পাশাপাশি দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতায় মাঝে মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। মাঝে মধ্যেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩২.৩ (৩৩.৪)
বালুরঘাট ৩২.৬ (৩২)
বাঁকুড়া ৩১ (৩১.৯)
ব্যারাকপুর ৩৩ (৩৩.৮)
বহরমপুর ৩৩.৬ (৩৪)
বর্ধমান ৩৫.৪ (৩৫)
ক্যানিং ৩২.৪ (৩৩)
কোচবিহার ৩৪.৪ (৩৩.৮)
দার্জিলিং ২০.৬ (২২)
দিঘা ৩৪.৮ (৩৩.৪)
কলকাতা ৩২.৫ (৩৩.২)
মালদহ ৩৪ (৩৫.২)
পানাগড় ৩২.২ (৩৪.৪)
পুরুলিয়া ৩৩.৭ (৩৪.৭)
শিলিগুড়ি ৩১.৭ (৩৪.৬)
শ্রীনিকেতন ৩২.৪ (৩৪.২)

অবস্থান করছে দুটি নিম্নচাপ
একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণে ওড়িশার ওপরে, উপকূলবর্তী অংশ। যা ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার অপরে ছড়িয়ে রয়েছে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসম এবং সংলগ্ন এলাকার ওপরে। এর জেরে অসম-সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications