জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী বায়ুর দাপটে রাজ্যে বৃষ্টি কোথায় কোথায় হবে, আবহাওয়ার রিপোর্ট একনজরে
একদিকে মৌসুমী বায়ু (Monsoon)অন্যদিকে দোসর হয়ে এসেছে জোড়া ঘূর্ণাবর্ত (Cyclone)। এই দুইয়ের মিশেলে রবিবাসরীয় শহর কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় প্রবল বর্ষণ জারি থাকবে। বলা হচ্ছে এই ঘটনার জেরে রাজ্যের একাধিক এলাকায় আজও জলছবি কার্যত একই থাকবে। একনজরে দেখা যাক আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার(Weather) পরিবর্তনই বা কবে থেকে হচ্ছে দেখে নেওয়া যাক।

উত্তরপ্রদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্ত
একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর প্রদেশে, অন্য একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর। এই দুয়ের দাপটের সঙ্গে যোগ হয়েছে মৌসুমী বায়ুর প্রবল প্রতাপ! ফলে আষাঢ়ের শুরুর থেকেই চালিয়ে ব্যাটিং করতে দেখা যাচ্ছে বর্ষাকে! এদিকে, পাঞ্জাব থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে?
এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, এবং মালদাতে বৃষ্টিপাত হবে।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে?
এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গ ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ টানা চারদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হতে চলেছে। চলতি সপ্তাহের বৃষ্টির রেশ সামনের সপ্তাহেও চলবে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে টানা ৪ দিন বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
এদিকে, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জুন থেকে সপ্টেম্বরে ৯৮ শতাংশ বৃষ্টি
আইএমডির তরফে জানানো হয়েছে যে চলতি বছরে বর্ষা স্বাভাবিক ঘরানাতেই হবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৯৮ শতাংশ বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে দফতর। যার জেরে ভারতের কৃষিকাজ উপকৃত হতে পারে। প্রসঙ্গত, সেক্ষেত্রে করোনায় ধাক্কায় দেশের বেসামাল অর্থনীতিতে খানিকটা আশা যোগাতে পারে কৃষিকাজ।












Click it and Unblock the Notifications