Weather Update: বদলে গেল আবহাওয়ার পূর্বাভাস! রবিবার বাংলার মাত্র ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা
Weather Update: বদলে গেল আবহাওয়ার পূর্বাভাস! রবিবার বাংলার মাত্র ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা
বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রবিবার বাংলা জুড়ে নয়, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৪ জেলায় বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা রয়েছে। এদিন বিকেলে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে সোমবার প্রায় সব জেলারই পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। অন্যদিকে শীত বৃদ্ধিরও আর কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে শুধুমাত্র হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সোমবার সারা দিন শুঘু মাত্র দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগেকার পূর্বাভাসে রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সর্বশেষ পূর্বাভাসে তা পরিবর্তিত হয়েছে। এছাড়াো আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.৮)
বালুরঘাট (২৩.৬)
বাঁকুড়া (২৮.৯)
ব্যারাকপুর (২৭.৬)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৭)
ক্যানিং (২৭.৪)
কোচবিহার (২৭.৭)
দার্জিলিং (১২.৬)
দিঘা (২৮)
কলকাতা (২৭.৮)
মালদহ (২৭.১)
পানাগড় (২৪.৭)
পুরুলিয়া (২৭.৫)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৬.৬)

দিল্লিতে প্রবল হাওয়া, উত্তর-পূর্বে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯-এর পাশাপাশি ২০ ও ২২ ফেব্রুয়ারি হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং উত্তর প্রদেশে এবং ২২ ফেব্রুয়ারি উত্তর রাজস্থানে ঘন্টায় ২৫-২৫ কিমি বেদে হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে ১৯-এর পাশাপাশি ২১ ফেব্রুয়ারি অসম-মেঘালয়-নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications