আগামী ৪-৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভাসতে চলেছে দেশের বিস্তীর্ণ এলাকা
আগামী ৪-৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভাসতে চলেছে দেশের বিস্তীর্ণ এলাকা
রাজ্যে সমস্ত অংশেই পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু (monsoon) । এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয়া রয়েছে বর্ষা। এদিন সকালে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়। তবে দুপুরের দিকে অস্বস্তির আবহাওয়া বজায় ছিল। আগামী ২৪ ঘন্টায় না হলেও, পরবর্তী ২৪ ঘন্টায় সারা রাজ্যেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৫ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৫ জুন সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৬ জুন সকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩১.৮ (৩৩.৬)
বালুরঘাট ৩১.৪ (২৯.৪)
বাঁকুড়া ৩১.৯ (৩১.৭)
ব্যারাকপুর ৩৩.৮ (৩৩)
বহরমপুর ৩৫ (৩৫)
বর্ধমান ৩৩.৮ (৩৪)
ক্যানিং ৩৩.৬ (৩৩)
কোচবিহার ৩৩.৬ (৩৪.৩)
দার্জিলিং ১৭.৬ (১৮)
দিঘা ৩৩.১ (৩৪)
কলকাতা ৩২.৩ (৩৩.৭)
মালদহ ৩২.৯ (৩৩.৫)
পানাগড় ৩১.১ (৩৪.৬)
পুরুলিয়া ৩২.৩ (৩২.৩)
শিলিগুড়ি ৩০.৫ (৩৩.২)
শ্রীনিকেতন ৩২.২ (৩৩.২)

আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টিপাত
এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকায় ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪-৫ দিন পূর্ব, মধ্য এবং উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ১৫ জুন নাগাদ অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে বিহারে। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী ৪ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে কোঙ্কন, েগায়া, কর্নাটক, কেরল, মাহেতে। পূর্ব উত্তর প্রদেশে আগামী ৪-৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মাঝারি থেকে বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহার, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানায়।












Click it and Unblock the Notifications