বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি আর কয়েক ঘণ্টা বাদেই শুরু, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভোটের জেরে রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই চড়ছে বাংলায়। গরম যত পাল্লা দিয়ে বেড়েছে ততই ভোটের হাওয়াও অশান্ত রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলার আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। এবার কলকাতার বুকে কী ঘটতে চলেছে তা জানা গেল।

জারি সতর্কবার্তা
রাজ্যের বহু এলাকায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার ভোট। তার আগে এই ঝড়বৃষ্টি পশ্চিমের বহু জেলাতে দাপট দেখাতে শুরু করবে বলে জানা যাচ্ছে। তবে জানা গিয়েছে যে সতর্কবার্তা জারি হয়েছে , তা পশ্চিমের জেলাগুলি ও উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে জারি হয়েছে।

বৃষ্টি ঝেঁপে নামবে কলকাতাতেও!
বিকেলের দিকে কলকাতায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। তবে কলকাতায় আংশিক মেঘলা থাকবে আজ আকাশ। এমনই তথ্য জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুপুর বা বিকেলের দিক থেকে মহানগরিতে ঝড় ,বৃষ্টি দেখা যেতে পারে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাস
প্রসঙ্গত রাত পোহালেই উত্তরবঙ্গের দুই এলাকায় ভোট। দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় এদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর আগে রবিবার প্রবল হারে ঝড় হয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
পুরুলিয়া , বীরভূম সহ কয়েকটি এলাকা বাদে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতাতেও এদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার তাপমাত্রা কী বলছে?
এদিকে, কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ! ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আসানসোল, বাঁকুড়া,বালুরঘাটে তাপমাত্রা ৩৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শ্রীনিকেতন সর্বনিম্ন তাপমাত্রা এদিন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৬.৪ ডিগ্রি।












Click it and Unblock the Notifications