Pahalgam: পাকিস্তানে বসেই কলকাঠি হাফিজ সঈদ ও সইফুল্লার! পহেলগাঁও কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Pahalgam Terror Attack: পহেলগাঁওকাণ্ডে চাঞ্চল্যকর পর্দাফাঁস। জম্মু ও কাশ্মীরে দীর্ঘদিন ধরেই সক্রিয় জঙ্গি মডিউল। পাকিস্তান থেকে তাদের সবরকম পরিচালনা করত ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তথা লস্কর প্রধান হাফিজ সঈদ। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর থেকে এই মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গিয়েছে পহেলগাঁও-তে। জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত।
পহেলগাঁও হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর ছায়া সংগঠন টিআরএফ। বিদেশি জঙ্গির সংখ্যাই বেশি ওই সংগঠনে। স্থানীয় উগ্রপন্থী ও ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সহযোগিতায় উপত্যকায় সন্ত্রাস কায়েম করেছে তারা। আর পাকিস্তানে বসে গোটা কলকাঠিটাই নেড়েছেন লস্কর প্রধান হাফিজ সঈদ।

গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিন ধরে গোপনে জাল বিস্তার করেছে নির্দিষ্ট ওই জঙ্গি মডিউল। গোয়েন্দাদের আরও দাবি, সোনমার্গ, বুটা পাথরি ও গন্দেরবালের মতো এলাকায় একাধিক হাই প্রোফাইল হামলার নেপথ্যে রয়েছে এই মডিউল। গত ২০২৪ সালের অক্টোবরে বুটা পাথরিতে চারজন ভারতীয় সেনার জওয়ানকে মেরে ফেলে জঙ্গিরা। ওই একই মাসে সোনমার্গে টানেল শ্রমিকদের উপর মারণাত্মক হামলা ঘটানো হয়। ৬ জন শ্রমিক ও এক চিকিৎসককে মেরে ফেলে জঙ্গিরা। পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত পাক জঙ্গি হাসিম মুসা সেই টানেলে হামলাকাণ্ডেও জড়িত ছিল।
গত ডিসেম্বরে আবার দাচিগামে এনকাউন্টারে কুলগামের এ প্লাস ক্যাটেগরির লস্কর জঙ্গি জুনেদ আহমেদ ভাটকে নিকেশ করা হয়েছিল। সংগঠনের বাকি সদস্যরা পালিয়ে গিয়েছিল। সূত্রের চাঞ্চল্যকর দাবি, পাশের গভীর জঙ্গলে গিয়ে মাটির ভেতর আস্তানায় লুকিয়ে ছিল তারা। পাকিস্তানের জঙ্গি কর্তাদের থেকে নতুন নির্দেশ না মেলা পর্যন্ত সেখানেই লুকিয়ে ছিল জঙ্গিরা।
গোয়েন্দা সূত্রে আরও দাবি, কাশ্মীরে এই গোটা জঙ্গি মডিউলটি পাকিস্তানে বসেই পরিচালনা করছে লস্কর প্রধান হাফিজ সঈদ ও তার অধস্তন সইফুল্লা। ভারতীয় বিভিন্ন গোয়েন্দা এজেন্সির দাবি, পাকিস্তানের সেনাবাহিনী ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মারফত এই জঙ্গিদের সমস্তরকম সহযোগিতা করা হয়। গোপন তথ্য সরবরাহ থেকে শুরু করে হামলার সরঞ্জামও পাঠিয়ে দেওয়া হয়। আর তাতে কিছু স্থানীয়দের পয়সার বিনিময়ে লোভ দেখিয়ে সহযোগিতার কাজে লিপ্ত করা হয়।
পহেলগাঁও হামলাকাণ্ডেও ওই একই জঙ্গি মডিউল নেপথ্যে রয়েছে বলে দাবি গোয়েন্দাদের। জড়িত চার জঙ্গিকে শনাক্তও করেছে ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি। সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করে এনআইএ। এরপর ছবি প্রকাশ করে চার জঙ্গির নাম বলা হয় যথাক্রমে আদিল গুরে, আসিফ শেখ, সুলেমান শাহ ও আবু তালহা।












Click it and Unblock the Notifications