পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যে সব জেলার মহিলারা, কিন্তু কেন
পুজোর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল।
পুজোর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের একটি ঘোষণাতেই চার জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে গেল। পুজোর আগে উপভোক্তারা কেউই টাকা পাবেন না চার জেলায় ভোটের বাদ্যি বেজে যাওয়ায়।

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি বেজে গিয়েছে বঙ্গে। ভবানীপুরের উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে নির্বাচন মিটতে না মিটেই বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্রে উপনির্বাচন। কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনায় খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে ভোট হবে ওইদিন।
৩০ অক্টোবর ভোট ঘোষণা হয়ে যাওয়ায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে চার জেলায়। চার জেলার চার কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। ফলে ওই চার জেলায় কোনও সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না এই এক মাস। ভোট গণনা হবে ২ নভেম্বর। তারপরই এই চার জেলায় আদর্শ আচরণবিধি উঠবে। এবং সরকারি প্রকল্পের পরিষেবা পাবেন জেলাবাসীরা।
অন্যান্য সরকারি প্রকল্পের টাকার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও আটকে গিয়েছে আদর্শ আচরণবিধি লাগু হওয়া জেলাগুলিতে। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান নির্বাচনী আচরণবিধি জারি থাকায় দুই ২৪ পরগনা, নদিয়া ও কোচবিহারের উপভোক্তারা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। তাদের দু-মাসের টাকা একবারে দেওয়া হবে।
সেপ্টেম্বরের শেষে সুখবর মিলেছিল যে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। রাজ্য সরকার টাকা বরাদ্দের পর পুজোর মধ্যেই তা সকলের অ্যাকাউন্টে পাঠাতে নির্দেশ দেয়। নারী ও শিশু কল্যাণ দফতর থেকে রাজ্যের জেলাশাসকদের সেই বরাদ্দ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগেু সেই টাকা পাঠানোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে এবং সাধারণ মহিলারা পাবেন ৫০০ টাকা করে। পুজোর আগেই এই অনুদান দিতে নির্দেশ জারি করেছিল নবান্ন। মুখ্যমন্ত্রী নিজে তা জানিয়েছিলেন ফলাও করে। কিন্তু নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেওয়ায়, চার জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা যাচ্ছে না। দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় ৩০ অক্টোবর ভোট। তারপরই টাকা মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের।












Click it and Unblock the Notifications