Kunal Vs Sudip: ফিশফ্রাই, নয়না ‘বউদি'র হাতে তৈরি নাড়ু'তেই তিক্ততা মিটল কুণাল-সুদীপের
Kunal ghosh vs Sudip Bandyopadhyay: দার্জিলিংয়ের চা, ফিশফ্রাই, নয়না 'বউদি'র হাতে তৈরি নাড়ু এবং জলভরা সন্দেশেই মিটল 'তিক্ততা'! সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চা-বৈঠক সেরে বেরিয়ে তেমনই ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ। বললেন, "পরিবার একটাই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু ভুল বোঝাবুঝি ছিল। তা নিয়ে আলোচনা হয়েছে।"
যদিও শোকজের কাগজ এখনও খুলে দেখার সুযোগ হয়নি বলেই দাবি তৃণমূল মুয়খপাত্রের। সামনেই লোকসভা নির্বাচন। যে কোনও সময় দিন ঘোষণা করতে পারে কমিশন। এই অবস্থায় 'বিদ্রোহ' তৃণমূলের সংসারে। তৃণমূলের বর্ষীয়ানের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল ঘোষ (Kunal ghosh vs Sudip Bandyopadhyay) ।

এমনকি তিনি রোজভ্যালির দালাল থেকে শুরু করে একাধিক ইস্যুকে সামনে রেখে উত্তর কলকাতার তৃণমূল সাংসদকে আক্রমণ শানান তিনি। এবার যাতে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট না দিয়ে শশী পাঁজার মতো কোনও মহিলাকে দেওয়া হয় তা নিয়েও সর চড়ান।
এই ইস্যুতে কুণাল পাশে দাঁড়ান পদত্যাগী তৃণমূল নেতা তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পালটা মুখ খোলেন তিনি। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বর্ষীয়ান তৃণমূল নেতাকে আক্রমণ শানান বরাহনগরের বিদায়ী সংসদ। এমনকি এই বিষয়ে তৃণমূল দলের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। মুখে কিছু না বললেও ভোটের মুখে এই বিদ্রোহে অস্বস্তিতে পড়ে যান শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় আজ সোমবার কুণাল ঘোষকে ফোন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানান 'চা-চক্রে'।
সেই মতো সন্ধ্যা ৭টার কিছু পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান বিদ্রোহী তৃণমূল নেতা। স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সুদীপ বন্দ্যুয়াপধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়।
বৈঠক শেষে কুণাল ঘোষ জানান, তৃণমূল একটা পরিবার। সুদীপদার সঙ্গে আলোচনা হয়েছে। কোনওরকম ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ না থাকে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে পরিবারের মধ্যে মান-অভিমান থাকে, ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না বলে মন্তব্য কুণাল ঘোষের।
তবে এমন বিদ্রোহের পরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। এমনকি এই বিষয়ে স্পিকটি নট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications