সারদা-নারদে শুভেন্দুর গ্রেফতারি দাবি কুণালের, সুর চড়ালেন কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের পর গর্জে উঠেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের পর গর্জে উঠেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতেই পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি শুভেন্দু অধিকারীকে সারদা-নারদ মামলায় গ্রেফতার করা উচিত বলে দাবি তুললেন।

শুভেন্দু বিজেপিতে গিয়েছেন বলে বেঁচে গিয়েছেন!
কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছেন বলে আপাতত বেঁচে গিয়েছেন। নইলে উনিও গ্রেফতার হতেন। আমরা তো গ্রেফতার হয়েছিল মাথা তুলে লড়াই করেছি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে। আর শুভেন্দু অধিকারী মাথা নিচু করে বিজেপির হয়ে কুৎসার কাজ করে চলেছেন।

নিজের বাড়িকে দুর্গ বানিয়েছেন কেন, এতই যদি খেয়াল
এদিন শুভেন্দু অধিকারীর পরিবারের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও সুর চড়ান কুণাল ঘোষ। বিধানসভার বিরোধী দলনেতাকে তুলোধনা করে তিনি বলেন, সরকারি টাকার এতই যদি খেয়াল তাহলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তিনি নিজের বাড়িকে দুর্গ বানিয়েছেন কেন। কেন্দ্রীয় বাহিনীর আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আর ওদের বেতন কি শুভেন্দু অধিকারী কি আপনি আপনার বাড়ি থেকে দেন?

শুভেন্দু অধিকারীর টুইট নিশানা
শুভেন্দু অধিকারী এদিন টুইটে লেখেন, নিজের অহংকারের জন্য ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করতে এবং শৃঙ্খলাভঙ্গকারী মুখ্যসচিবকে রক্ষা করতে অবিধায়ক মুখ্যমন্ত্রী নিজের কার্যালয় ও ভারতের সংবিদানকে অসম্মানিত করছেন। শৃঙ্খলাভঙ্গের জন্য বিদায়ী মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সার্ভিসটা দরকার বলেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে চেয়ছেন মমতা
এরপরই শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠে কুণাল ঘোষ বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন, ওনাকে তো সারদা-নারদে গ্রেফতার করা উচিত। উনি বিজেপিতে আছেন বলে রক্ষা। আলাপন বন্দ্যোপাধ্যায় কোভিড-ইয়াস মোকাবিলার কাজে নেতৃত্ব দিচ্ছে। তাঁর সার্ভিসটা দরকার বলেই মুখ্যমন্ত্রী তাঁর মেয়াদ বৃদ্ধি করতে চেয়েছিলেন, তারপর তাঁকে মুখ্য উপদেষ্টা নিয়োগেও পিছনেও একই কারণ।












Click it and Unblock the Notifications