বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পণ্ড করল তৃণমূলই, শুভেন্দু-গড়ে বানচাল কুণালের সভা
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পণ্ড করল তৃণমূলই, শুভেন্দু-গড়ে বানচাল কুণালের সভা
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে ভিড় জমিয়েছিলেন শুভেন্দু অধিকারীর গড়ের 'দাদার অনুগামী'রা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরে তাঁদের যোগদানের কথা ছিল রাজ্যের শাসকদলে। কিন্তু বিধি বাম। বেঁকে বসলেন তৃণমূলেরই একাংশ নেতা-কর্মীরা। তাঁদের বিক্ষোভে শেষমেশ বানচাল করে দিতে হল যোগদান সভা। ফের একবরা বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পথে বিঘ্ন সৃষ্টি হল শুভেন্দু-গড়ে।

তৃণমূলে যোগদান না করেই ফিরে যেতে হল
রবিবার হলদিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সভায় যোগ দিতে এসেচিলেন এক ঝাঁক বিজেপি নেতা-কর্মী। কিন্তু তৃণমূলে যোগদান না করেই ফিরে যেতে হল তাঁদের। বিজেপিতে মোহভঙ্গ হওয়ার পর শুভেন্দু-গড়ের দাদার অনুগামীরা ফিরতে চেয়েছিলেন তৃণমূলে। কিন্তু বিজেপির সেই নীচুতলার নেতা, কর্মী ও সর্মথকদের ফিরতে হল তৃণমূলে যোগ না দিয়েই।

বিক্ষোভে ফেটে পড়েন মঞ্চের সামনে থাকা তৃণমূলকর্মীরা
এদিন তৃণমূলের সভামঞ্চ থেকে বিজেপি থেকে তৃণমুলে যোগ দেওয়ার জন্য তাঁদের নাম ডাকা হতেই বিক্ষোভে ফেটে পড়েন মঞ্চের সামনে থাকা তৃণমূলকর্মীরা। তাঁরা আপত্তি জানান বিগত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করা ওইসব নেতা-কর্মীদের তৃণমূলে অন্তর্ভুক্তিতে। তৃণমূল জেলা নেতৃত্ব, এমনকী স্বয়ং কুণাল ঘোষও তাঁদের বোঝাতে পারেননি।

যোগদান করার কথা ছিল দাদার অনুগামীদের
তৃণমূলের যোগদানের তৃণমূলের একাংশের আপত্তির ফলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হলদিয়া সুতাহাটার মঞ্চ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সেই সভামঞ্চেই বিজেপি ছেড়ে দলে যোগদান করার কথা ছিল দাদার অনুগামীদের। কিন্তু তৃণমূলের বাধাদানে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি তখন মঞ্চে বসে থাকা কুণাল ঘোষ গিয়ে পরিস্থিতি সামাল দেন।

বিজেপির নেতা-কর্মীদের যোগদান করাচ্ছি না ঘোষণার পর
দলীয় কর্মী-সমর্থকদের চাপে প্রকাশ্য সভায় কুণাল ঘোষ ঘোষণা করতে বাধ্য হন, বিজেপির নেতা-কর্মীদের আমরা জয়েন করাচ্ছি না আজ। পরবর্তী সময়ে সকলের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেব। কুণাল ঘোষের সেই বিবৃতির ফলে ফিরে যেতে হয় তৃণমূলে যোগ দিতে আসা বিজেপি নেতা-কর্মীদের। তৃণমূলের বিক্ষোভরত কর্মীরাও আশ্বস্ত হন।

তৃণমূলের এই কোন্দল প্রসঙ্গে কুণাল ঘোষের বিবৃতি
তৃণমূল মুখপাত্র হলদিয়ার সভামঞ্চে তৃণমূলের এই কোন্দল প্রসঙ্গে বলেন, আজকে যাঁরা যোগ দিতে এসেছিলেন তাঁরা শুভেন্দু অনুগামী হিসাবেই পরিচিত। যেহেতু তাঁরা শুভেন্দুর সঙ্গে থাকতেন, সেক্ষেত্রে পুরানো যাঁরা কর্মী রয়েছে তারা যোগদানে আপত্তি জানান। তাঁদের বলেছি, দলের শীর্ষ নেতৃত্বরা এই সভায় উপস্থিত আছেন। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরে দেখবেন আবার ঠিক হয়ে যাবে।

নন্দীগ্রামের সাউথখালিতে যোগদানেও বিড়ম্বনা
গত শুক্রবার বিকেলে নন্দীগ্রামের সাউথখালিতে একটি রাজনৈতিক কর্মিসভায় যোগদান অনুষ্ঠান নিয়েও বিতর্ক হয়। তৃণমূল কংগ্রেসের সেই সভায় কুণাল ঘোষের হাত ধরে বিজেপি ত্যাগী বটকৃষ্ণ দাস, জয়দেব দাস-সহ একাধিক নেতার তৃণমূলে যোগদান করার কথা ছিল। ছয়টি ট্রাকসহ অন্যান্য দলত্যাগীরা সভাস্থলে পৌঁছলেও, বটকৃষ্ণ দাস ওই সভাস্থলে পৌঁছাতে পারেননি। ফলে তিনি যোগ দিতে পারেননি তৃণমূলে। অভিযোগ তাঁর যোগদানে বাধার সৃষ্টি করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications