মুকুল রায় কি বিজেপির পথে পা বাড়ালেন ফের, তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন কুণাল
মুকুল রায় কি ফের বিজেপির পথে পা বাড়ালেন? তা না হলে পরিবারতে না জানিয়ে তিনি ভ্যানিশ হয়ে গেলেন কেন? কেন অসুস্থ অবস্থাতেই তিনি 'একাকী' দিল্লি ছুটলেন? আর কেনই বা তাঁর অনুগামী 'প্রত্যাবর্তন' মেসেজ দিলেন ফেসবুকে? মুকুলের এই হঠাৎ দিল্লি যাত্রায় পুত্র শুভ্রাংশু উদ্বিগ্ন হলেও তৃণমূল নির্লিপ্তই থাকল।
মঙ্গলবার মুকুল-পুত্র শুভ্রাংশুর সাংবাদিক বৈঠকের পর তৃণমূলের তরফে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সাফ জানান, কিছুই জানি না। দলের তরফ থেকে কিছু বলার নেই। সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। শুভ্রাংশু যে অভিযোগ করেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তার উপর তদন্ত হোক।

কুণাল ঘোষ বলেন, আমরা তো বলেই আসছি যে, বাংলাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। শুভ্রাংশু অভিযোগ করেছে এর মধ্যে টাকার খেলা রয়েছে। তবে মুকুলদাকে টাকার জন্য নিয়ে যাবে নাকি রাখার জন্য টাকা দেবে, এটা বুঝতে পারছি না। এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার।
তৃণমূল মুখপাত্রের কথায়, কে জড়িত আছে শুভ্রাংশু বলছে, তার ওপর তদন্ত হওয়া দরকার। তারপরই তাৎপর্যপূর্ণ মন্তব্যে বলেন, এমনিতেই তিনি নিখোঁজ ছিলেন নাকি আবার নতুন করে নিখোঁজ হলেন, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে শুভ্রাংশু যা বলেছে তাতে অভিষেককে জড়িয়ে দেওয়া ঠিক হয়নি।

তাঁর কথায়, অভিষেককে নিয়ে অনেকদিন ধরেই চলছে। যা-ই ঘটুক অভিষেকের নাম সামনে আনা হচ্ছে। সেটা বন্ধ হওয়া দরকার। কুণাল ঘোষ বলেন, মুকুলবাবু তো কিছু বলেননি। এখন তার ছেলে নাম করেছেন। এসব বড় বড় ব্যাপার। আগেই তো বলেছি, তিনি ৩ দিন বিজেপিতে থাকেন, ৩ দিন তৃণমূলে। আর রোববার বাড়িতে বসে চা খান।
কুণালের কথায়, সব ব্যাপারে অভিষেককে ডেকে এনে ঢাল করা ঠিক নয়। আগেই তো বলতে পারতেন যে, সিবিআই যা করছে, অভিষেককে নিয়ে যা হচ্ছে, সেটা অন্যায়। বলেননি তো। এটা নিয়ে নতুন করে আমি উত্তর দেওয়ার কেউ নই। মুকুল রায় বিজেপিতে আছেন কি নেই সেটা নিয়ে স্পিকারের একটা পর্যবেক্ষণ আছে।

কুণাল ঘোষ বলেন, স্পিকারের পর্যবেক্ষণের উপর নতুন করে দলের মুখপাত্র হিসাবে বলার কিছু নেই। একটা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। তাতে অভিষেকের নাম টেনে আনার পিছনে কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। শুভ্রাংশু টাকার খেলার কথা বলেছেন। কীসের ভিত্তিতে বললেন তা শুভ্রাংশুকেই জিজ্ঞাসা করুন।












Click it and Unblock the Notifications