সুদীপ রায় বর্মনকে হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি, বাণ ছুড়লেন কুণাল-ব্রাত্যরা
সুদীপ রায় বর্মনকে হিম্মত থাকালে বহিষ্কার করুক বিজেপি, বাণ ছুড়লেন কুণাল-ব্রাত্যরা
বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন পুরভোটের দুদিন আগে কার্যত দলের বিরুদ্ধে সোচ্চার হলেন। বিজেপি বিধায়ক বলছেন সন্ত্রাস চলছে রাজ্যে। ঘুরিয়ে তিনি বিপ্লব দেব সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন। কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে নালিশ করা হয়েছে বলেও জানান তিনি। এবার তাঁর মন্তব্যকে স্বাগত জানিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল।

সুদীপের মন্তব্যকে ঢাল করে আসরে তৃণমূল
তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ ও বাংলার মন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করে বলেন, সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি। ক্ষমতা থাকলে বহিষ্কার করুক। আমরা দেখতে চাই বিজেপির কত হিম্মত। সুদীপের মন্তব্যকে ঢাল করে এবার বিপ্লব দেব সরকারকে আরও বিপাকে ফেলার ফাঁদ তৈরি করলেন তাঁরা।

বিজেপির রাজ্য নেতৃত্বকে শিশুসুলভ আখ্যা প্রসঙ্গে
ত্রিপুরায় পুরভোটের দুদিন আগে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বসেন। আগরতলায় সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যে সিপিএমের গুণ্ডারা বিজেপিতে ঢুকে বদনাম করছে। ঘুরিয়ে তিনি বিজেপিই যে সন্ত্রাস করছে তা বলে দিয়েছেন। দলের বর্তমান রাজ্য নেতৃত্বকে শিশুসুলভ বলেও কটাক্ষ করেন তিনি। আর তাঁর এই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, সুদীপ রায় বর্মন বিজেপির রাজ্য নেতৃত্বকে শিশুসুলভ বলছেন। অর্থাৎ বিজেপি হল খোকা-খুকুর দল। খোকা বিপ্লব আর খুকু প্রতিমা ত্রিপুরায় বিজেপি চালাচ্ছে।

ক্ষমতা থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করুক বিজেপি
সুদীপ রায় বর্মনের এই মন্তব্যকে হাতিয়ার করে ব্রাত্য বসু-কুণাল ঘোষরা আরও বলেন, ত্রিপুরায় বিজেপি এখন হার্মাদ-বজ্জাতের দল। তা স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক সুদীর রায় বর্মন। তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে এ ব্যাপারে সম্যক জানিয়েছেন বলেও মন্তব্য করেন। এরপর তৃণমূলের তরফে জানানো হয়, বিজেপির যদি ক্ষমতা থাকে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখান।

ত্রিপুরাবাসীর কাছে আবেদন- আপনারা ভোট দিতে বেরোন
কুণাল ঘোষ বলেন, বাংলায় হারের পর ত্রিপুরাতেও হারের ভয় পাচ্ছে বিজেপি। আর ভোট হলে বিজেপি হারবে। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছি, ত্রিপুরাতে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে। সুপ্রিম কোর্ট বিপ্লব দেব সরকারের কাছে জানতে চেয়েছে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার কুণাল ঘোষের তরফে ত্রিপুরাবাসীর কাছে আবেদন, আপনারা ভোট দিতে বেরোন। আপনারা শুধু ভোটটা দিন। যা প্রতিরোধ করার করবে তৃণমূল।

বিজেপি ত্রিপুরায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, সুপ্রিমে মামলা
তিনি বলেন, জোড়াফুলে ভোট দিয়ে বিজেপির অপশাসনের ও সন্ত্রাসের জবাব দিন। বিজেপি ত্রিপুরায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। ভোটদানের উপযুক্ত পরিবেশ নেই। নিরাপত্তা বিঘ্নিত। এই অবস্থায় তৃণমূলের আবেদন, প্রয়োজনে ভোট স্থগিত রাখা হোক ত্রিপুরায়। এই শুনানি মুলতুবি রাখা হয়েছে আপাতত। তবে এদিনই সন্ধ্যার মধ্যে স্পষ্ট হয়ে যাবে নির্বাচনের ছবিটা।












Click it and Unblock the Notifications