জামাত জঙ্গির ল্যাপটপে সেনা অফিসারের নাম! নজরে কাশ্মীর
ধৃত জামাত জঙ্গিদের পেনড্রাইভ আর ল্যাপটপ থেকে সেনা অফিসারদের অবস্থান এবং জঙ্গিদের মৃত্যু সংক্রান্ত তথ্য।
ধৃত জামাত জঙ্গিদের পেনড্রাইভ আর ল্যাপটপ থেকে সেনা অফিসারদের অবস্থান এবং জঙ্গিদের মৃত্যু সংক্রান্ত তথ্য। এসটিএফ সূত্রে খবর, উত্তর দিনাজপুর এবং বর্ধমান মডিউলের তিন জঙ্গিকে গ্রেফতারের পর এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পুলিশ হেফাজতে থাকা তিন জামাত জঙ্গির একটানা জেরা চলছে। নিজামুদ্দিন খান, আব্দুল বারি এবং আব্দুল কাশেমকে জেরা করে যতটা না তথ্য পাওয়া গিয়েছে, তাদের থেকে বাজেয়াপ্ত করা পেনড্রাইভ, ল্যাপটপ থেকে মিলেছে বিস্ফোরক সব তথ্য। এই ধৃতদের কাছ থেকে এছাড়াও উদ্ধার হয়েছে, স্মার্টফোন, ওয়াচ মেশিন, ডিটোনেটর, ক্যাপাসিটরসহ অনেককিছুই।
ধৃতদের পেনড্রাইভ এবং ল্যাপটপ থেকে গোয়েন্দারা পেয়েছেন সেনা অফিসারদের নাম। কোন অফিসার কোন সীমান্তে কর্মরত, সীমান্তে কতজন জওয়ান শহিদ হয়েছেন সেই তথ্যও মিলেছে। পাওয়া গিয়েছে, কাশ্মীরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত জঙ্গিদের বিস্তারিত পরিচয়। এছাড়া বিএসএফ এবং সিআরপিএফ সম্পর্কে তথ্যও পাওয়া গিয়েছে।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অধিকারিকরা প্রথমে ভেবেছিলেন ধৃতদের থেকে জামাত সম্পর্কে তথ্য মিলবে। কিন্তু কাশ্মীরে সেনার অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়ার পর, তাদের অনুমান এবার জামাতের নজর পড়েছে কাশ্মীরে।












Click it and Unblock the Notifications