হাওড়ার বটানিক্যাল গার্ডেনে গণধর্ষণ ১৬ বছরের কিশোরীকে
কলকাতা, ২০ জুলাই : হাওড়ার শিবপুর এলাকার বিখ্যাত বটানিক্যাল গার্ডেনে এক ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। আহত কিশোরীকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ বিখ্যাত বটতলার কাছে লেকের ধারে নির্যাতিতা কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিশোরীর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন ছিল। জানা গিয়েছে, এই ঘটনা দেখে বাগানের নিরাপত্তাকর্মীরা বটানিক্যাল গার্ডেনের ডিরেক্টর অরবিন্দ প্রামাণিককে জানালে পুলিশে খবর দেওয়া হয়।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী বীরভূমের বাসিন্দা। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়ার সে ট্রেন ধরে হাওড়ায় চলে এসেছিল। বটানিক্যাল গার্ডেনে তার প্রেমিকের সঙ্গে দেখা করার কথা ছিল মেয়েটির।
হাওড়া পুলিশ কমিশনারেটের এডিসি (হেড কোয়ার্টার) তথাগত বসু জানিয়েছেন, হাওড়া স্টেশনেই মেয়েটির সঙ্গে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেখা হয়। সে তাঁকে বটানিক্যাল গার্ডেনে নিয়ে আসে। সেই যুবক নির্যাতিতা কিশোরীকে ঠান্ডা পানীয়ে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। ফলে তারপর আর কিছু মনে নেই ওই কিশোরীর।
বটানিক্যাল গার্ডেনের সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে, বাগানে ঢোকার সময়ে যুবতীর সঙ্গে কয়েকজন যুবক ছিল। তবে তারা কারা তা এখনও বের করতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications