ভাঙা পথেই কলকাতা-নিউ জলপাইগুড়ি ট্রেন, স্বাভাবিক পরিষেবা পেতে এখনও দেরি
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় রেল লাইনের তলার মাটি সরে গিয়েছে। সেতু ভেঙে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামত করার কাজ চলছে।
পরীক্ষামূলকভাবে ট্রেন চলল কলকাতা-নিউ জলপাইগুড়ি রেলপথে। তবে এখনই রেলপরিষেবা স্বাভাবিক হচ্ছে না উত্তরবঙ্গের। ফলে উত্তর-দক্ষিণের যোগাযোগ বিচ্ছিন্নই থাকছে। যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক করতে এখনও অন্ততঃ পাঁচদিন সময় লাগবে বলে জানানো হয়েছে রেলসূত্রে।

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় রেল লাইনের তলার মাটি সরে গিয়েছে। সেতু ভেঙে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামত করার কাজ চলছে। অনেক ক্ষেত্রেই মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু অনেক জায়গাতে এখনও রেল লাইন ঝুলছে। সুধানি ব্রিজের মেরামতের কাজ শেষ। হয়ে যাওয়ায় মালগাড়ি যাতায়াত শুরু করেছে একটি লাইন দিয়ে।
এখনও উত্তরবঙ্গের কিছু এলাকায় ঝুলছে রেল লাইন। তাই লাইন থেকে জল সরলেও যাত্রীবাহী ট্রেন এখনই চালু করা যাচ্ছে না। মঙ্গলবারই প্রথম আপ লাইনে মালগাড়ি চলল। তবে ডাউন লাইন এখনও বন্ধ রাখা হয়েছে। ডাউন লাইন সংস্কারের কাজ চলছে তৎপরতার সঙ্গে।
উত্তরবঙ্গের বন্যায় রেললাইন ও রেল ব্রিজের প্রভূত ক্ষতি হওয়ায় সেনা নামিয়ে কাজ শুরু করা হয়। রাতারাতি সুধানি ব্রিজ মেরামত করতে সেনা নামানো হয়েছিল। রেলকর্মীরা রাতদিন এক করে কাজ করে চলেছেন। কিন্তু এতটাই ব্যাপকতর ক্ষতি হয়েছে যে, পুরো রেলপথে সংস্কার করা সম্ভব হয়নি। রেল লাইনের সংস্কার না করে ট্রেন পরিষেবা শুরু করে দিলে তা ঝুঁকিপূর্ণ হবে।
রেলের তরফে কোনও খামতি রাখা হচ্ছে না সংস্কারের কাজে। যাত্রী সুরক্ষা নিশ্চিত হলেই চালু হবে ট্রেন। তবে রেলের তরফে নিশ্চিত করে দেওয়া হয়েছে পুজোর মধ্যেই একেবারে স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। আগামী সপ্তাহ থেকেই যাত্রীবাহী ট্রেন চালু করে দেওয়া হবে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হবে ট্রেন চলাচল।












Click it and Unblock the Notifications