রেশন কার্ড না থাকলেও মিলবে খাদ্যসামগ্রী! বড় ঘোষণা ফিরহাদ হাকিমের
লকডাউনে বেশিরভাগ মানুষেরই রোজগার বন্ধ। তাই রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কিন্তু এমন অনেকেই আছেন যাঁদের রেশন কার্ড নেই। এবার তাঁদের জন্য ভাবনাচিন্তা করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে কর্পোরেশনের তরফে নতুন ফর্ম তৈরি করা হয়েছে। এই ফর্মের মাধ্যমে যাঁদের রেশন কার্ড নেই তাঁরাও রেশনের জন্য আবেদন করতে পারবেন।

বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম
দ্বিতীয়বারের জন্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকে রেশন বণ্টনের ব্যবস্থা নিয়ে বোরো কো-অর্ডিনেটরদের সঙ্গে আলোচনা করে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে যাঁদের রেশন কার্ড নেই তাঁদের বিষয়েও আলোচনা করা হয়। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, যাঁদের রেশন কার্ড নেই তাঁদেরও খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হবে।

ডিজিটাল কার্ড মেলেনি, এ রকম নামের তালিকা তৈরি হচ্ছে
লকডাউন শুরুর পর কুপন দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু অনেক প্রকৃত দাবিদার কুপনও পাননি বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই ফের একবার রেশনের জন্য কুপন বিলির সিদ্ধান্ত হয়েছে। আবেদন করেও ডিজিটাল কার্ড মেলেনি, এ রকম নামের তালিকাও প্রতিটি বরোয় এ দিন পাঠিয়ে দেওয়া হয়েছে।

কী জানান ফিরহাদ হাকিম?
ফিরহাদ হাকিম জানান, লকডাউনের ফলে বহু মানুষ আর্থিক সমস্যায় পড়েছেন। তাই অনেকেই রেশনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু অনেকেরই রেশন কার্ড নেই বা যে কার্ড আছে তাতে খাদ্যসামগ্রী মিলবে না। তাই তাঁরাও যাতে রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।

১৬টি বরো মিলিয়ে এই সংখ্যাটা ৫৫ হাজার উপকৃত হবেন
ইতিমধ্যে বোরো কো-অর্ডিনেটরদের সংশ্লিষ্ট এলাকার আর্থিক সংকটে রয়েছে এমন মানুষের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে। একইসঙ্গে যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন অথচ তা বাতিল হয়ে গেছে তাঁদেরও একটি নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে। জানা গিয়েছে, কলকাতার ১৬টি বরো মিলিয়ে এই সংখ্যাটা ৫৫ হাজারের কিছু বেশি।

কলকাতার রাস্তায় নামবে অ্যাম্বুলেন্স
এদিকে কলকাতায় ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতা পুর কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড নম্বর ১৪০ পর্যন্ত সমস্ত এলাকার মধ্যে কন্টেইমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৮। এই পরিস্থিতিতে আরও বেশি মাত্রায় নমুনা পরীক্ষা করতে উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে অ্যাম্বুলেন্সে লালারসের নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

নমুনা পরীক্ষার জন্য প্রশিক্ষণ
কলকাতায় মোকাবিলায় পদক্ষেপ নিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ফিরহাদ। এই বৈঠক শেষেই ফিরহাদ জানান, অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন এলাকায় নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেইমতো স্বাস্থ্যভবনের সঙ্গে কথা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কয়েকজন টেকনিশিয়ানকে প্রশিক্ষিত করে পাঠানো হবে স্বাস্থ্যভবনের তরফে।












Click it and Unblock the Notifications