Kolkata earthquake: মঙ্গলের সকালে কলকাতা-সহ বাংলা-ওড়িশার বিস্তীর্ণ অংশে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৫.১
Kolkata earthquake: মঙ্গলবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ অংশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.১। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর।
সাতসকালে ভূমিকম্পের জেরে স্বাভাবিকভাবেই শহর কলকাতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কম্পন আঁচ করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে তৎক্ষণাৎ কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ১৯.৫২ উত্তর অক্ষাংশ ও ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ভূমিকম্প হয়েছে এদিন।

ভূমিকম্পের সঙ্গে সঙ্গে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অনেকেই মিলিয়ে নিতে চান সত্যিই কম্পন অনুভূত হয়েছে কিনা। সকাল সকাল কম্পনের জেরে আতঙ্কের কথাও অনেকে শেয়ার করেন। সকলে সুস্থ আছেন কিনা, তাও সোশ্যাল মিডিয়া মারফত জানতে চান অনেকে। যার ফলে মুহূর্তে ট্রেন্ডিং হয়ে যায় ভূমিকম্প সংক্রান্ত হ্যাশট্যাগ।
এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী জানান, সকাল ৬টা ১০ নাগাদ গুগলে কলকাতায় ভূমিকম্পের অ্যালার্ট এসে পৌঁছয়। সেখানে রিপোর্টে বলা হয়, ওড়িশা থেকে প্রায় ১৭৫ কিমি দূরে ভূমিকম্পের উপকেন্দ্র। অন্যজন আবার লেখেন, কলকাতায় ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। কম্পনের সঙ্গেই সকালের ঘুম ভাঙল।
সিসমিক জোন থ্রি বা মাঝারি ভূমিকম্প প্রবণ এলাকার আওতায় পড়ে কলকাতা। উত্তর বা উত্তর পূর্ব ভারতের বাকি অংশের মতো তীব্র ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মতো না হলেও এর আগেও ভালোই ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। যার কারণ মূলত বঙ্গোপসাগর, নেপাল বা উত্তর পূর্ব ভারত বরাবর টেকটনিক প্লেটের অবস্থানের তারতম্য। যার প্রভাবে কম্পন অনুভূত হয় কলকাতায়।
ভূগর্ভে ৫ বা ১০ কিলোমিটারের মধ্যে যদি ভূমিকম্পের উৎসস্থল হয় তবে তা ভূপৃষ্ঠে অত্যধিক ক্ষয়ক্ষতি করে। তবে এদিন কলকাতার ক্ষেত্রে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে উৎসস্থল হওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। গত ৮ জানুয়ারি মৃদু ভূমিকম্প হয়েছিল কলকাতায়। যার তীব্রতা বেশি অনুভূত হয়েছিল তিব্বত ও নেপালের বিস্তীর্ণ অংশে। উত্তরবঙ্গে সেবারে ভালো কম্পন অনুভূত হয়েছিল।












Click it and Unblock the Notifications