বাংলার ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ আসন শ্রীরামপুর, এলাকার রাজনৈতিক পরিসংখ্যান কী বলছে
আজ আলোচনা হবে হুগলির অন্যতম ঐতিহাসিক এলাকা শ্রীরামপুর নিয়ে। শ্রীরামপুর লোকসভা নির্বাচনের বর্তমান সাংসদ তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আজ আলোচনা হবে হুগলির অন্যতম ঐতিহাসিক এলাকা শ্রীরামপুর নিয়ে। শ্রীরামপুর লোকসভা নির্বাচনের বর্তমান সাংসদ তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাপুটে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য এই লোকসভা নির্বাচনী এলাকা থেকে জয়ী হয়েছেন। হুগলির ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলে পরিচিত শ্রীরামপুরের নির্বাচনী আসনে রয়েছে চণ্ডিতলা, ডোমজুর, উত্তরপাড়া, জাঙ্গিপাড়ার মত এলাকা।

রাজনৈতিক ছবি
একটা সময় বাম বনাম কংগ্রেসের লড়াই ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে ঘিরে। এরপর বামেরা এলাকায় জমি হারাতে শুরু করে। আর সেই সময়েই এলাকা ক্রমেই চলে যেতে থাকে তৃণমূলের দখলে। তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকার শ্রীরামপুরে তৃণমূলকে সাফল্যের মুখ দেখাতে শুরু করেন। আকবর আলি খন্দকারের প্রয়াণের পর ২০০৪ সালে এলাকায় নির্বাচনে বাজিমাত করেন সিপিএম-এর শান্তশ্রী চট্টোপাধ্যায়। কিন্তু তার পরবর্তী জমানায় ২০০৯ থেকে এখনও পর্যন্ত শ্রীরামপুর দখলে রেখেছে তৃণমূল। আর দলের এই সাফল্যের অন্যতম কাণ্ডারী এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সাংসদকে ঘিরে
৬১ বছর বয়সী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে মোট ৫৫ টি বিতর্কসভায় অংশ নেন। যারমধ্যে রাজ্যভিত্তিক বিতর্কের সংখ্যাটাই ছিল বেশি। সংসদে ৮০টিরও বেশি প্রশ্ন উত্থাপন করে রাজনৈতিক মহলের নজর কেড়েছেন তৃণমূলের দাপুটে নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পরিসংখ্যান কী বলছে?
পরিসংখ্যান বলছে , সংসদে তাঁর উপস্থিতির হার ৭৫ শতাংশ। এবার নজর রাখা যাক, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে ঘিরে কয়েকটি তথ্যের উপর। এলাকায় শেষবারের নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বি তীর্থঙ্কর রায়কে প্রায় ৫ লাখেরও বেশি ভোটে হারিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শ্রীরামপুর কেন্দ্র ঘিরে তথ্য
শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ইতিহাসআর আধুনিকতাকে বুকে নিয়ে এগিয়ে চলেছে। এই কেন্দ্রের গ্রামের ভোটার সংখ্যার শতাংশ ২৪ দশমিক ৩৪। আর শহুরে ভোটারদের শতাংশ ৭৫.৬৬ । গর্বের ইতিহাসকে বুকে নিয়ে চলা এই শ্রীরামপুর লোকসভাকেন্দ্রে ২০১৯ নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারের আশায় রয়েছে বামেরা। শ্রীরামপুরকে ঘিরে মোটেও হাল ছেড়ে দিতে রাজি নয় গেরুয়া শিবিরও। ফলে এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্ক ঘিরে জমজমাট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন।












Click it and Unblock the Notifications