২০১৯ লোকসভা ভোটে আরামবাগ আসন ঘিরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে
এদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য রেকর্ডের তালিকায় রয়েছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্র।
এদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য রেকর্ডের তালিকায় রয়েছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্র। ২০০৪ সালে এই কেন্দ্র থেকেই রেকর্ড ৫৯২৫০৩ ভোটে নির্বাচনে জয় লাভ করেন তৎকালীন দাপুটে বামনেতা অনিল বসু। হরিপাল , তারকেশ্বর, আরমবাগ, গোঘাট খানাকুলের মতো এলাকা রয়েছে এই লোকসভা কেন্দ্রের আওতায়। বর্তমানে এলাকার সাংসদ তৃণমূলের অপরূপা পোদ্দার।


১৯৮০ সালের নির্বাচনে কেবলমাত্র একবারই আরমবাগকে দখলে রাখেন ভারতীয় লোকদলের প্রফুল্ল সেন। এর আগে বামপন্থী নেতা অমিয়নাথ বসু ১৯৬৭র নির্বাচনে জয়ী হন। পরবর্তীকালে বাম নেতা মনোরঞ্জন হাজরা, বিজয়কৃষ্ণ মোদক ও তারও পরবর্তীকালে টানা সাতবারের জন্য আরামবাগ থেকে সাংসদ নির্বাচিত হন অনিল বসু। বহুযুগ ধরে বামেদের দাপটে থাকা এই এলাকা ছিনিয়ে নেওয়া মোটেও সহজ ছিলনা তৃণমূলের পক্ষে। তবে, যাবতীয় প্রতিবন্ধকতা নস্যাৎ করে এই আসনটি জিতে নেন অপরূপা পোদ্দার। আরামবাগ এলাকার দিকে দিকে এখনও কেবলই ঘাসফুলের পতাকা। ২০১৪ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিএম-এর শক্তিমোহন মালিককে তিন লাখেরও বেশি ভোটে হারিয়ে দেন তৃণমূলের অপরূপা পোদ্দার।



[আরও পড়ুন: লোকসভার লক্ষ্যে একনজরে বোলপুর! সিপিএম থেকে তৃণমূলে]
সংসদে এখনও পর্যন্ত ৭৭ টি বিতর্ক সভায় অংশ নিয়েছে অপরূপা। এরমধ্যে বেশিরভাগটাই জাতীয় পর্যায়ের রাজনৈতিক বিতর্কেই অংশ নেন তিনি।ইংরাজিতে স্নাতক ৩২ বছর বয়সী অপরূপা পেশায় আইনজীবী। সংসদে তাঁর উপস্থিতি ৮১ শতাংশ। তৃণমূলের দাপটে থাকা আরামবাগ এলাকায় মোট জন সংখ্যা ২,২২২৩৩৮ জন। এই সংসদীয় এলাকার বেশির ভাগ অংশেই রয়েছে গ্রামীণ জনবসতি। ফলে চাষাবাদ এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। জনগণের আশা আকাঙ্খা ও দলীয় প্রতিশ্রুতিকে সঙ্গে নিয়ে আরামবাগে ফের একবার তৃণমূলের বিজয় নিশান উড়বে , নাকি থাবা বসিয়ে ফেলবে বিরোধীরা তার উত্তর এখন সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications