কী ভাবে কলকাতায় হবে করোনার টিকাকরণ, সামনে এল পুরসভার সিদ্ধান্ত
কী ভাবে কলকাতায় হবে করোনার টিকাকরণ, সামনে এল পুরসভার সিদ্ধান্ত
করোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত কলকাতা পুরসভা (kolksys municipal corporation)। পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪৪ টি ওয়ার্ডে একইসঙ্গে ভ্যাকসিন (CORONA VACCINE) দেওয়ার কাজ শুরু করা হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি, সাফাইকর্মীদের প্রথমে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে থাকা ৫০ বছরের ঊর্ধ্বে থাকা মানুষজন, কোমর্বিডিটি আছে এমন প্রবীন ও অসুস্থ ব্যক্তিদেরও আগে টিকা দেবে পুরসভা।

পুরভবনে স্বাস্থ্যকর্তাদের বৈঠক
১৩ জানুয়ারি সারা দেশে করোনার টিকাকরণের কাজ শুরু করা হবে। ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর পরেই কলকাতা পুরসভার কেন্দ্রীয় পুরভবনে বৈঠক করে স্বাস্থ্যকর্তারা। সেই বৈঠকে হাজির ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন ওয়ার্ডের তরফে ফ্রন্টলাইনার এবং কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিদের তালিকা পুরসভার স্বাস্থ্য বিভাগে জমা দেওয়া হবে। এরপর কেন্দ্রীয় সরকারের টিকাকরণের জন্য যে অ্যাপ চালু করেছে, তার সঙ্গে সমন্বয় করেই ভ্যাকসিন বিতরণ করবে পুরসভা।

পার্শ্ব প্রতিক্রিয়া হলেও চিকিৎসা
পুরসভার তরফে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি টিকাকরণের পরে কারও অসুস্থতা লক্ষ্য করা যায় অর্থাৎ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তাহলে পুরসভাই চিকিৎসার বন্দোবস্ত করবে বলে জানানো হয়েছে।

টিকাকরণের নেটওয়ার্ক প্রস্তুত
রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় টিকাকরণের নেটওয়ার্ক প্রস্তুত হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, ওয়ার্ড ভিত্তিক কোল্ড স্টোরেজ চেনও তৈরি হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, যদি প্রয়োজন হয়, তাহলে আরও ফ্রিজার ভাড়া করবে কলকাতা পুরসভা। তিনি বলেন, কলকাতা পুরসভার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সারাবছর অনেক টিকা দিয়ে থাকেন, তাই করোনার ভ্যাকসিন দিতে তাঁদের কোনওরকম অসুবিধা হবে না।

অ্যাপে নাম থাকলেই টিকাকরণের নিশ্চয়তা নেই
টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাপের কথা বলা হয়েছে। কিন্তু সেই অ্যাপে নাম থাকলেই টিকাকরণের নিশ্চয়তা দেওয়া নিয়ে কোনও সরকারি নির্দেশিকা পুরভবনে আসেনি বলেই জানা গিয়েছে। তবে অ্যাপের সঙ্গে সমন্বয় রাখা নিয়ে রাজ্যের স্বাস্থ্যদফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন। পুর কমিশনারষ পুরসভা সূত্রে জানা গিয়েছে, টিকাকরণের কাজ শুরু হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হতে পারে।

সাগরের পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
দিন দুয়েকের মধ্যেই সাগর মেলার পূণ্যার্থীরা আসতে শুরু করবেন। এইসব পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। শহরের ঢোকার প্রতিটি পয়েন্টে পুরকর্মীরা থাকবেন থার্মাল গান এবং অক্সিমিটার নিয়ে। তাঁদের জন্য আরটিপিসিআর এবং অ্যান্টিজেন দুরকমের পরীক্ষার বন্দোবস্তই থাকবে। পাশাপাশি নবান্ন যদি নির্দেশ দেয় সাগরে আসা প্রবীণ পূণ্যার্থীদের ভ্যাকসিন দিতে হবে, সে ক্ষেত্রেও প্রস্তুতি রাখা হচ্ছে পুরসভার তরফে।












Click it and Unblock the Notifications