বজ্রপাতের সঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তা বাংলার জেলায় জেলায়! কী করবেন আর কী করবেন না এই সময়
৩০ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। কিন্তু সাত দিনের মধ্যে সেই তাপমাত্রা নেমে দিয়েছে ৩৬ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব ভারতের রাজ্যগুলি স্বস্তি পেলেও, দক্ষিণের রাজ্যগুলিকে এরজন্য আরও একটা দিন অপেক্ষা করতে হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। একটি অক্ষরেখা ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এলাকার মধ্যে দিয়ে পশ্চিমে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। যে কারণে এদিন থেকে দমকা হাওয়া ও কালবৈশাাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা
- সোমবার
আবহাওয়া দফতরের তরফে সোমবারের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। যে কারণে এই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- মঙ্গলবার
ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য।
এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বুধবার
এইদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বৃহস্পতিবার
বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোথাও কোথাও ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- শুক্রবার
ওইদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা
- সোমবার
এদিন জলপাইগুড়ি ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- মঙ্গলবার
সবকটি জেলার কোথাও না কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বুধবার ও বৃহস্পতিবার
সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বজ্রপাত-সহ ঝড়ে কোথায় কোথায় প্রভাব
মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। দৃশ্যমানতা কমে যেতে পারে। যেসব পরিকাঠামো নড়বড়ে সেগুলির ক্ষতি হতে পারে। শহুরে এলাকায় ট্রাফিকে বাধা আসতে পারে।
- কী করবেন, কী করবেন না
ঝড় ও বজ্রপাতের সময় তুলনামূলক নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ঝড় ও বজ্রপাতের সময় ট্রাফিক মুভমেন্টও সাবধানে করতে হবে। এই সময় গাছ, ইলেকট্রিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না। ছাড়াও পুকুর কিংবা বিলের সংল্পর্শ এড়িয়ে চলতে হবে।












Click it and Unblock the Notifications