Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ? উঠে আদালতে যেতে পারছেন না?
আদালতে সশরীরে যেতে পারছেন না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? তিনি বেশ অসুস্থ ! প্রেসিডেন্সি জেল থেকে তিনি বেরোতে পারছেন ন! এ কথাই জানা গিয়েছে জেলসূত্র। ফলে আদালতে শুনানির সময় তিনি কীভাবে উপস্থিত থাকবেন? তাই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
প্রশ্ন উঠেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কী হল? এই তিন দিনে কতটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি? আজ বৃহস্পতিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। দুপুরেই তাকে আদালতে পেশ করার কথা রয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পরে জানা যায় মন্ত্রী অসুস্থ।

কতটা অসুস্থ হয়ে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক? জানা গিয়েছে, তিনি উঠতে পারছেন না। জেল থেকে বেরিয়ে যে হাসপাতালে যাবেন, সেই অবস্থা তার নেই। যদিও সেই বিষয়ে সত্যতা সত্য যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। আদালতে নিয়ে যাওয়ার আগে কমান্ড হাসপাতালে মন্ত্রীর শারীরিক পরীক্ষা হওয়ার কথা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিবার আগে। কিন্তু সেই হাসপাতালেও এদিন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
তাহলে শুনানির কী হবে? ভার্চুয়াল আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক কি তাহলে উপস্থিত থাকবেন? এই প্রশ্ন উঠে আসছে। যদিও এই খবর লেখা পর্যন্ত সেই বিষয়ে কোনও তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও কথা জানায়নি। কিন্তু হঠাৎ করে মন্ত্রীর কী এমন অসুস্থতা দেখা দিল?
জেল কর্তৃপক্ষের নজরদারিতে মন্ত্রী রয়েছেন। চিকিৎসকরা তার খেয়াল রাখছেন। ডায়েট অনুযায়ী তার খাওয়া দাওয়া হচ্ছে। সেক্ষেত্রে হঠাৎ করে কী অসুস্থতা দেখা দিল শরীরে? প্রশ্ন আরও জোরালো হচ্ছে। সুগারের সমস্যা দীর্ঘদিন থেকেই রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এছাড়াও আরও শারীরিক সমস্যা থাকছে।
এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই জানিয়েছিলেন শরীর ভালো যাচ্ছে না। তার বাঁ হাত ও বাঁ পা বেশ ব্যথা। নাড়ানো যাচ্ছে না। তিনি নিজেই পক্ষাঘাতের আশঙ্কা করছিলেন। যদিও কমান্ড হাসপাতাল থেকে এমন কোনও ইঙ্গিতের বিষয় বাইরে আসেনি। ইডির তরফ থেকেও আদালতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে। এমন কোনও বিষয় কি সেই রিপোর্টে ছিল? প্রশ্ন থাকছে।
রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে মন্ত্রী গ্রেফতার হয়েছেন। ইডি হেফাজতে প্রথমে তিনি ছিলেন। এরপর তার জেল হেফাজত হয়। তিনি কিছুতেই জেলে থাকতে চাইছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার বায়না তিনি শুরুতে করেছিলেন। মেঝেতে কম্বল পেতে তাকে শুতে দেওয়া হয়েছে। কিন্তু তিনি মেঝেতে শুতে চাইছেন না। তার জন্য খাট বালিশ বিছানার ব্যবস্থা করতে হবে।
শুধু তাই নয়, মোবাইল ফোন তাকে ব্যবহার করতে দিতে হবে। জেলের খাবার খেতেও তিনি অনীহা প্রকাশ করেছেন। এই সব কিছুই বুধবার পর্যন্ত শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications