নিয়োগ মামলার তদন্তে সন্দেহ প্রকাশ হাইকোর্টের, বিচারপতি সিনহা বললেন, 'ED আর কিছুই পাবে না'
West Bengal Recruitment Scam: নিয়োগ সংক্রান্ত মামলায় ইডির তদন্তে ফের অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের। যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ED আর কিছুই পাবে না, কড়া মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। মাসের পর মাস পেরিয়ে গিয়েছে। এখনও শেষ হয়নি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত।
সেখানে দাঁড়িয়ে আজ মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার (West Bengal Recruitment Scam) শুনানি হয়। আর সেই শুনানিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট I(Calcutta High Court)।

যদিও তদন্ত (West Bengal Recruitment Scam) দেরি হওয়ার পিছনে ইডির আইনজীবীর যুক্তি, প্রতি পদে মামলা হচ্ছে। বিভিন্ন ভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, আপনারা কি ভেবেছিলেন যে সবকিছু খুব মসৃণ হবে? আর এহেন প্রশ্নের মুখে পড়ে কিছুটা চাপেই পড়ে যান আইনজীবী। শুধু তাই নয়, দুর্নীতির তদন্তে আরও কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে ইডি জানালে ফের প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে।
বিচারপতি সিনহা জানতে চান, বাজেয়াপ্ত করতে এত সময় কেন লাগছে? শুনানিতে ইডি আদালতে এই প্রসঙ্গে জানায়, আমরা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে। আরও কোন সম্পত্তি আছে কিনা সেটাও খোঁজা চলছে। তাই সময় লাগছে।
অন্যদিকে এদিন শুনানি চলাকালীন ইডির তদন্ত নিয়ে প্রশ্নের সাপেক্ষে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, আপনি ED কে জিজ্ঞাসা করেছিলেন যে এত সময় কেন লাগছে ? এখানে আমার সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদের কাঁটা বিছানো পথ পেরিয়ে যেতে হয়েছিল। তারা সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন। এখানেও আমরা আশাবাদী গন্তব্যে পৌঁছতে পারবো।
পাশাপাশি ৯৪ জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই শূন্যপদে নিয়োগ দ্রুত করার দাবি করেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। যদিও বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী বলেন, পুরানো প্যানেল থেকে নিয়োগ করা যায়না। নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আগামী ১২ মার্চ ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন মামলার শুনানিতে সবপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications