BBD Bag: বিবাদী বাগের বৈধ দোকান থেকে অবৈধভাবে অস্ত্র বিক্রি! ধৃত আরও ১ কর্মী; কার্তুজকাণ্ডে TMC যোগ
Jibantala Cartridge Case: জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধারকাণ্ডে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। কার্তুজ উদ্ধারে গ্রেফতার আরও এক। বেঙ্গল এসটিএফের (Bengal STF) স্ক্যানারে ছিল বিবাদী বাগের অস্ত্রের দোকান (Arms shop)। দোকানের দীর্ঘদিনের এক কর্মীকে আগেই গ্রেফতার করা হয়েছিল। সোমবার দোকানের আরও এক কর্মীকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, ধৃতের নাম শান্তনু সরকার। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা সে। সব মিলিয়ে কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। কার্তুজের পাশাপাশি বিবাদী বাগের ওই দোকান থেকে অস্ত্রও বিক্রি করার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। দোকান থেকে অস্ত্র শান্তনু সরকার বেআইনিভাবে বিক্রি করত বলে অভিযোগ। এর আগে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত নামে দোকানের এক কর্মী গ্রেফতার হন।

এদিকে কার্তুজকাণ্ডে কলকাতা কানেকশনের পাশাপাশি মিলল তৃণমূল (TMC) যোগও। ধৃত আব্দুল সেলিম গাজি তৃণমূলের প্রাক্তন সদস্য বলে অভিযোগ উঠে এসেছে। যদিও একুশের নির্বাচনের পর সে বিজেপিতে যোগ দেয় বলে দাবি তৃণমূলের। আব্দুল সেলিমের তৃণমূল যোগ অস্বীকার দলের অঞ্চল সভাপতির। অন্যদিকে, ধৃত আশিক ইকবাল গাজির স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।
বসিরহাট থেকে শনিবার ধৃত ফারুক মালিকও তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে। ধৃতকে নিয়ে বিস্ফোরক তাঁর বাবা। ফারুকের বাবার দাবি, ছেলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। তৃণমূলে গ্রুপবাজির জেরে এই ঘটনা বলে দাবি তাঁর। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, বাকি পাঁচটা স্থানীয় যুবকের মতোই সেও তৃণমূল করত।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধারকাণ্ডে স্ক্যানারের তলায় বিবাদী বাগের অস্ত্রের দোকান। শনিবার জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই বিপুল পরিমাণ কার্তুজ। ১৯০ রাউন্ড কার্তুজের পাশাপাশি সেভেন এমএম পিস্তল, একটি ডবল ব্যারেল বন্দুকও উদ্ধার করেছে এসটিএফ। শনিবার বিকেলে বিবাদী বাগের দোকানে তদন্তে যায় বেঙ্গল এসটিএফ। ইতিমধ্যেই দোকান সিল করে দিয়েছে তারা।
এদিকে দক্ষিণ ২৪ পরগনার আবারও মিলল আগ্নেয়াস্ত্র। কুলতলির দেউলবাড়িতে আগ্নেয়াস্ত্র-সহ ২ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র-সহ ২ রাউন্ড গুলি। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications