Exclusive: রাঢ়বঙ্গে না, GTA ধাঁচের আদিবাসী উন্নয়ন পরিষদ চাইলেন ঝাড়গ্রামের BJP সাংসদ
Exclusive: রাঢ়বঙ্গে না, GTA ধাঁচের আদিবাসী উন্নয়ন পরিষদ চাইলেন ঝাড়গ্রামের BJP সাংসদ
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যখন রাঢবঙ্গ, উত্তরবঙ্গ, গ্রেটার কোচবিহারের দাবি উঠছে ঠিক তখনই অন্য পথে হাঁটলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। ওয়ানইন্ডিয়াবাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কুনার হেমব্রম জঙ্গলমহলের মানুষের বঞ্চনার অভিযোগ তুললেন৷ পাশাপাশি আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য আলাদা আদিবাসী পরিষদের দাবি তুললেন কুনার।

জঙ্গলমহলে তৃণমূলের এত ভালো ফল কেন?
জঙ্গলমহলে উন্নয়ন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভালো ফল করলেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে বুধবার ওয়ানইন্ডিয়াবাংলাকে কুনার বলেন, 'উনি অপপ্রচার আর খুচরো দেওয়ার রাজনীতিকে কাকে লাগিয়েছেন৷ আদিবাসী মানুষের আসল উন্নয়নে কোনও জোর দেননি৷ আমরা বহু বছর ধরে বলে আসার পরও অলচিকি লিপিতে ভালো বই তৈরি হয়নি৷ আমি নিজে তদারকি করে বই লিখেছি৷ কিন্তু সেগুলো রিভিউ না করে ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে৷ বারবার এ বিষয়ে বলেছিৃ কোনও কাজ হয়নি৷ সাঁওতালি ভাষার আলাদা স্কুল তৈরি হয়নি৷ সাধারণ স্কুলগুলোতে একটা দুটো রুম বা বারেন্দায় ক্লাস করানে হচ্ছে৷ আলাদা বিষয়ের আলাদা শিক্ষক নেই৷ যিনি সাঁওতালি ভাষায় এমএ তিনিই অঙ্ক পড়ান, বিজ্ঞান পড়ান আবার ভূগোল ইতিহাসও পড়ান৷ এভাবে উনি আদিবাসী সমাজের উন্নয়ন করেছেন!'

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা জঙ্গলমহলে!
স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কুনার বলেন, ' জঙ্গলমহলে গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ঘুরে আসুন সেখান ডাক্তার তো দূর বসার জায়গা নেই৷ কোনও পরিকাঠামো নেই! এমপি ফান্ড থেকে অ্যাম্বুলেন্স দিতে গেলে নেয় না! কারণ সেখানে এমপির ফান্ডের বিষয়টা গাড়িতে লেখা থাকবে! উনি শুধু কেন্দ্রের থেকে টাকা নেন আর মেলা খেলা করে বেড়ান। মানুষকে বিভ্রান্ত করেন৷ ভোটের আগে আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মাহাত কুড়মিদের এসটির আওতায় আনার কথা বলে। এভাবে মাহাত কুড়মি শ্রেণির মানুষকে বিভ্রান্ত করা হয়েছে৷'

আদিবাসীদের ধর্ম নিয়ে ভয় দেখিয়েছে বিজেপি!
কুনার আরও বলেন, ' বিজেপি ক্ষমতায় এলে সবাইকে হিন্দু বানাবে, সারি ও সারনা ধর্ম শেষ হয়ে যাবে এসব প্রচার করেছে ওরা৷ আদিবাসীরা সারি ও সারনা ধর্মের অনুসারী স্বাভাবিকভাবেই তাঁরা ভয় পেয়েছেন৷ কিন্তু ঝাড়খণ্ডে তো বিজেপি সরকার ছিল, কোনও আদিবাসীকে হিন্দু বানানোর চেষ্টা করা হয়নি৷ না আমাদের সংস্কৃতিতে কোনরকম আঘাত এসেছে৷ উল্টে আদিবাসীদের যা উন্নয়ন হয়েছে তা বিজেপির সময়ই হয়েছে ঝাড়খণ্ডে।

আপনি কি আলাদা রাঢ়বঙ্গ চান?
সৌমিত্র খাঁ-এর মতো নেতা কিংবা অনেক সাধারণ কর্মীরা উন্নয়নের ইস্যুতে আলাদা রাঢ়বঙ্গের কথস বলেছেন৷ আপনিও আলাদা রাঢ়বঙ্গ কিংবা ঝাড়খন্ডে যুক্ত হওয়াতে বিশ্বাসী? কিংবা মনে করেন পশ্চিমবঙ্গ থেকে আলাদা হলে জঙ্গলমহল এলাকার উন্নয়ন হবে? উত্তরে কুনার হেমব্রম বলেন, 'না আমি রাঢ়বঙ্গকে সমর্থন করি না। কিন্তু আমি চাই ৫ম তফসিল মেনে আলাদা আদিবাসী উন্নয়ন পরিষদ করা হোক। তাহলে এই জঙ্গলমহল এলাকাগুলোয় আদিবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে৷' আপনি কী পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ধাঁচে আদিবাসী পরিষদের কথা বলছেন? উত্তরে কুনারবাবু বলেন, 'হ্যাঁ ৫ম তফসিল মেনে কিছুটা ওইরকমেরই অধিকার দেওয়া উচিৎ।'












Click it and Unblock the Notifications