ট্রেনে ফোন ছিনতাইকারীকে তাড়া! যুবকের মর্মান্তিক মৃত্যু, রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন
নিজের ফোন ছিনতাইকারীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল জামশেদপুরের বাঙালি যুবকের।
নিজের ফোন ছিনতাইকারীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল জামশেদপুরের বাঙালি যুবকের। তাঁর নাম সৌরভ ঘোষ। জানা গিয়েছে এমবিএ পাশ করা সৌরভ মুকুন্দপুর এলাকায় একটি লজিস্টিক কম্পানিতে কাজ করতেন। প্রতি সপ্তাহেই যেতেন বাড়িতে। সেই বাড়িতে যেতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রতি শনিবারের মতো জামশেদপুরের বাড়িতে ফেরার জন্য রওনা হয়েছিলেন সৌরভ। হাওড়া থেকে চেপেছিলেন হাওড়া কোরাপুট এক্সপ্রেসে। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর তা প্রথমে থামে উলুবেড়িয়ায়। স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ছিনতাইকারী ট্রেনের জানলায় থাকা সৌরভের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। সেই পরিস্থিতিতেই ছিনতাইকারীকে ধাওয়া করতে যান সৌরভ। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। স্টেশনের একেবারে শেষ প্রান্তে গিয়ে তিনি পড়ে যান। মাথায় আঘাত লাগে সৌরভের। অন্য যাত্রীদের চেঁচামেচিতে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়।
সঙ্গে সঙ্গে সৌরভকে জিআরপির সহায়তায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সৌরভ মারা যান। ছেলের মৃত্যুর খবর পেয়ে রবিবার হাসপাতালে এসেছিলেন বেসরকারি সংস্থার চাকুরে সৌরভের বাবা।
সৌরভের বাবা জানিয়েছেন, মোবাইলের শখ ছিল তাঁর ছেলের। কিছুদিন আগেই নতুন ফোন কিনেছিল। কিন্তু ফোন বাঁচাতে গিয়ে এই পরিস্থিতির কথা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ট্রেনে নিরাপত্তার অভাবের অভিযোগ করেছেন তিনি। রবিবার সৌরভের দেহে পাশে ছিলেন মা অঞ্জনা ঘোষ এবং দিল্লিতে কর্মরত বোন প্রিয়ঙ্কা।
তবে শনিবার রাতে ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনাই প্রথম নয়। এর আগেও এই ঘটনা ঘটেছে। ৩ সেপ্টেম্বর, দক্ষিণপূর্ব রেলের ঘোড়াঘাটা স্টেশনে মহিলা কামরা থেকে ফোন ছিনতাই হয়। ছিনতাইকারীকে তাড়া করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন হাওড়ার এক বাসিন্দা। দক্ষিণ পূর্ব রেলের এসআরপি খড়গপুরের অধীন ট্রেন থেকে একের পর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।












Click it and Unblock the Notifications