শিল্প সম্মেলন উদ্বোধনে মোদী 'রাজি' হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মমতাকে চিঠি! শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন ধনখড়
বুধবার বিকেলে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন, ২০২২-এর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit)উদ্বোধন করতে রাজি
বুধবার বিকেলে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন, ২০২২-এর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit)উদ্বোধন করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। এর ২৪ ঘন্টা যেতে না যেতেই রাজ্যপাল জগদীপ খনধড় (Jagdeep Dhankhar) মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দাবি করলেন এব্যাপারে তথ্য ও শ্বেতপত্র (White Paper) প্রকাশ করা হোক। প্রসঙ্গত রাজ্যপাল এর আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন নিয়ে পাঁচ প্রশ্ন করেছিলেন। যা নিয়ে এখনও উত্তর পাওয়া যায়নি বলেই খবর রাজভবন সূত্রে।

শিল্প সম্মেলনের উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
বুধবার রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রধানমন্ত্রীকে আগামী বছরের ২০-২১ এপ্রিল কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিল্প সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন।

সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর কথা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এদিন দিল্লি যাত্রা করার আগে তিনি বলেছিলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদৌ প্রধানমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন কিনা, কিংবা আসবেন বলেছেন কিনা. তা প্রমাণ সাপেক্ষ বিষয়। কেননা ভিতরে কী কথা হয়েছে তা তিনি জানেন না। যেহেতু প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর অফিস এব্যাপারে কোনও মন্তব্য করেনি, তাই মুখ্যমন্ত্রীর কথায় সত্যতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছিলেন।

দুপুরেই রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রী
এদিন দুপুরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে তথ্য দেওয়ার পাশাপাশি শ্বেতপত্র প্রকাশের দাবি করে চিঠি পাঠান। সেই চিঠি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। চিঠিতে তিনি গত বছরের ২৫ অগাস্টের যোগাযোগের কথা উল্লেখ করেছেন।

চিঠিতে পাঁচ তথ্যের দাবি
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল তাঁর আগের তোলা পাঁচ প্রশ্নকেই ফের তুলে ধরে বলেছেন একবছরের বেশি সময় ধরে এই সংক্রান্ত তথ্য তিনি পাননি। এর মধ্যে রয়েছে,
১) ২০১৬ সাল থেকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (BGBS) আয়োজন করতে বছর পিছু কত টাকা খরচ হয়েছে?
২) শিল্প সম্মেলন করতে কোন কোন সংস্থা কিংবা সংস্থাগুলির মাধ্যমে টাকা খরচ করা হয়েছিল, সেই নাম প্রকাশের দাবি করেছেন তিনি
৩) শিল্প সম্মেলনের আয়োজন করতে কোন কোন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে সরাসরি টাকা খরচ করা হয়েছিল কিংবা ফিকির মাধ্যমেই বা কত টাকা খরচ করা হয়েছিল?
৪) ২০১৬ সাল থেকে বছরের নিরিখে কতগুলি মৌ স্বাক্ষর হয়েছিল, কত বিনিয়োগ, কত চাকরির প্রতিশ্রুতি ছিল?
5) ২০১৬ সাল থেকে শিল্প সম্মেলন করে সাফল্য কতটা অর্থাৎ কত বিনিয়োগ হয়েছে, কত চাকরি হয়েছে?

মিলছে না সাফল্যের দাবির সঙ্গে বাস্তবের চিত্র
রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেছেন, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ব্যাপক সাফল্যের দাবি করা হয়েছে। কিন্তু তার সঙ্গে বাস্তবের চিত্র মিলছে না, কিংবা সরকারি যে তথ্য রয়েছে তার সঙ্গেো মিলছে না। সেই কারণে বিনিয়োগ নিয়ে বিশ্বাসযোগ্যতা বাড়াতে এব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা হোক।












Click it and Unblock the Notifications