Jadavpur University Student Death: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৪, ধৃতদের মধ্যে রয়েছে প্রাক্তনীও
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। রাতভর জেরার পর বুধবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন প্রাক্তনী রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজনকে সুন্দরবন থেকে এবং আরেকজনকে বারুইপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম মহম্মদ আরিফ, মহম্মদ আশিফ আনসারি, অঙ্কন সরকার এবং অসিত সর্দার। অসিত সর্দার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া বলে জানা গিয়েেছ। অঙ্কন সরকার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। চার পড়ুয়ার বয়ানই রেকর্ড করা হয়েছে। তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় জড়িয়ে পড়ছে একের পর এক নাম। এমনকী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পর্যন্ত জড়িয়ে পড়েছেন এই ঘটনায়। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়ার বয়ান নিচ্ছিল পুলিশ। তখনই এই চার জনের বয়ানে অসঙ্গতি পায় পুলিশ। রাতভর জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে।
জিবি মিটিং ডাকা থেকে শুরু করে পুলিশকে গেেট আটকানো একাধিক বিষয়ে জেরায় চারজনের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। গ্রেফতারি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজই এই চারজনকে আদালতে পেশ করা হবে। এর আগে এই ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তারপরেই তার দুই সঙ্গী মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে গ্রেফতার করে পুলিশ।
মনোতোষের ঘরে গেস্ট হিসেবে রাখা হয়েছিল স্বপ্নদীপকে। মনোতোষ মানসিক ভাবে স্বপ্নদীপকে প্রভাবিত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। সৌরভ চৌধুরীর ডানহাত-বাঁ হাত পরে পরিচিত ছিল মনোতোষ এবং দীপশেখর। এমনকী মনোতোষকে জোর করে চিঠিতে সই করিয়ে নেওয়ার কাজেও মনোতোষ জড়িত ছিল বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তদন্তকমিটির নজরে রয়েছে আরও ২ পড়ুয়া তাঁদের মধ্যে গৌরব দাস এবং অরিত্র মজুমদার নামে ইঞ্জিনিয়ারিংয়ের দুই ছাত্রও রয়েছে।
অরিত্র এবং গৌরব দাস বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী দুই ছাত্র নেতা। তাঁদের এখনও খোঁজ পায়নি পুলিশ। তারাই নাকি স্বপ্নদীপের মত্যুর পর হোস্টেলে মিটিং বসিয়েছিল এবং পুলিশ আসার আগে মেইন হোস্টেলের দরজা বন্ধ করে দিয়েছিল। ঘটনার পরতে পরতে রহস্য দানা বেঁধে রয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসিকে রিপোর্ট পাঠানো হয়েছে। ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications