ছাত্র খুনে অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক অবশেষে পুলিশের জালে
কলকাতা, ১৩ মে : ছাত্র খুনে অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিককে অবশেষে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোররাতে দত্তপুকুর থেকে কলকাতা পালানোর সময় বামনগাছির সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে সঙ্গী বিল্লু সহ- তাপস মল্লিককে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ।
উল্লেখ্য, দিন তিনেক আগে মোষ চুরির সন্দেহে গড়িয়াহাট বালিগঞ্জ আইটিআই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কৌশিক পুরকাইতকে পিটিয়ে খুন করা হয় ডায়মন্ডহারবারের রায়বাহাদুর গ্রামের পশ্চিমপাড়ায়। এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধ অভিযোগ দায়ের করা হয়েছিল। পাঁচজনকে আগেই ধরা গেলেও এই ঘটনার নেতৃত্বে থাকা স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য তাপস মল্লিক পালিয়ে যেতে সফল হয়।

এরপরই তাপসের খোঁজে তল্লাসি শুরু করে পুলিশ। পালিয়ে যাওয়ার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ করে রাখেন তাপস। কিন্তু অন্য এক নম্বর থেকে এক শ্রমিক নেতাকে ফোন করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে সে। অন্য ফোন নম্বর থেকে যে আইএনটিটিইউসি নেতাকে ফোন করে সে, তার ফোনের সূত্র ধরেই তাপসের খোঁজ পায় পুলিশ।
ডায়মন্ডহারবার থেকে পালিয়ে দত্তপুকুরে তাপস মল্লিক আত্মগোপন করেছিল। পুলিশ তাঁর খোঁজে যেকোনও মুহূর্তে তার আস্তানায় পৌঁছে যেতে পারে বুঝতে পেরে একটি টাটা সুমো ভাড়া করে কলকাতা পালানোর ছক কষে সে। কিন্তু কলকাতায় পৌঁছনো আর হল না। মাঝপথেই বামনগাছি থেকে তাপস মল্লিক ও তার সঙ্গীকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ।
আজ ডায়মন্ডহারবার আদালতে তাদের পেশ করা হবে।












Click it and Unblock the Notifications