বিক্রি করা হল না, চাষির সব ধান চুরি হয়ে গেল পোলবায়
অনেক কষ্ট, পরিশ্রম করে জমির ফসল ফলিয়েছিলেন চাষি। ধান ঝাড়াই বাছাইয়ের পর বস্তাবন্দি করেও রাখা হয়। মান্ডিতে বিক্রি করে যাওয়ার আগের রাতেই বিপর্যয়। সব ধান চুরি হয়ে গেল ওই কৃষকের। এক দুই বস্তা ধান নয়। মোট ৫৫ বস্তা ধান চুরি হয়ে গেল।
এই মরসুমের এটাই ছিল ওই কৃষকের উপার্জন। সম্পূর্ণ ধান চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত ওই পরিবারের। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়। মান্ডিতে বিক্রির জন্য রাখা ধান চুরি হয়ে গেল কয়েক ঘণ্টার মধ্যেই। পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন পোলবার পাউনান গ্রামের চাষি সন্দীপ বিশ্বাস।

এবার শীতে নিম্নচাপের বৃষ্টি হয়েছিল মাঝে। ফলে চাষের ক্ষতি হয়েছিল। বেশ পরিমাণে ধানও নষ্ট হয়েছিল জমিতে। তারপরও ধান ফলিয়ে, কেটে বাড়ি নিয়ে এসেছিলেন সন্দীপ বিশ্বাস। সরকারি সহায়ক মূল্যে সেই ধান বিক্রি করবেন তিনি। সেজন্য ধান ঝেড়ে বেছে বস্তায় ভরে বাড়ি সামনেই রেখেছিলেন। মোট ৫৫ টি বস্তায় মোট ধান মজুত করে রাখা হয়েছিল।
আজ শুক্রবার হারিট মান্ডিতে ধান নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন বাড়ির সদর দরজার হ্যাজবোল্ড বাইরে থেকে আটকে রাখা। বাড়ির বাইরে মজুত ধান ত্রিপল দিয়ে ঢাকা ছিল। সেই ধান সম্পূর্ণ চুরি হয়ে গিয়েছে। পরে বাইরে বেরিয়ে দেখা যায়। ধানের অত বস্তা কোথায় গেল? কখন চুরি হল? প্রতিবেশীরাও কিছু বলতে পারছে না।
সন্দীপ বিশ্বাস বলেন, ধান কেটে শুকিয়ে ত্রিপল ঢাকা দিয়ে রেখেছিলাম মান্ডিতে নিয়ে যাবার জন্য। গতকাল রাত সাড়ে বারোটা পর্যন্ত ধান ছিল। সকালে উঠে দেখি নেই। বড় গাড়ি নিয়ে এসে চুরি করেছে। পোলবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাউনান গ্রামের বাসিন্দা রমেন হালদার বলেন, সপ্তাহখানেক ধরে পাউনান সহ আশেপাশে গ্রামে চোরের উৎপাত বেড়েছে। বাড়ি, দোকান, স্কুল, মসজিদেও চুরি হয়েছে।
৫৫ বস্তা ধান চুরি পরিকল্পনা করেই হয়েছে এমনই মত।এখানে ধান জড়ো করা আছে। সেটা চোরেরা জানত। পোস্টের আলো রাতে নেভানো ছিল। কেন আলো নেভানো ছিল। জানা যায়নি। তাই নিয়েও সন্দেহ রয়েছে। গতকাল গ্রামের একজন মারা গিয়েছিলেন। চুঁচুড়া শ্মশান ঘাটে তাকে দাহ করে ফেরে গ্রামের লোকজন রাত সারে বারোটায়। তখনও ধান ছিল বলে আশপাশের লোকজন জানিয়েছেন। সকালে সেই ধান আর দেখা যায়নি।












Click it and Unblock the Notifications