অনুব্রতের দিল্লি যাওয়া পাকা নওশাদের ঘরে ফেরার দিনে, আনন্দে নকুলদানা বিলি আইএসএফের
কর্মী-সমর্থকদের সবার বুকে সাঁটা নওশাদের ছবি। আর সেখানে লেখা- “শিরায় শিরায় রক্ত আমরা ভাইজানের ভক্ত।”
ভাঙড়-কাণ্ডে ৪২ দিন জেলে কাটিয়ে ফুরফুরায় ফিরলেন আইএসএফ বিধায়ক ভাইজান নওশাদ সিদ্দিকী। আর নওশাদের ঘরে ফেরার দিনেই জেলবন্দি বীরভূম তৃণমূলের অবিসংবাদী নেতা অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা পাকা। জোড়া আনন্দে ফুরফুরা শরিফে অকাল হোলিতে মাতলেন আইউএসএফের সমর্থকরা।

“শিরায় শিরায় রক্ত আমরা ভাইজানের ভক্ত”
ভাইজান ঘরে ফিরছেন প্রায় দেড়মাস পরে। তাই ফুরফুরা শরিফ সেজে উঠেছে। আইএসএফ সমর্থকরা গোটা চত্বরকে সাজিয়ে তুলেছেন নওশাদের ছবি ও কাট-আউটে। কর্মী-সমর্থকদের সবার বুকে সাঁটা নওশাদের ছবি। আর সেখানে লেখা- "শিরায় শিরায় রক্ত আমরা ভাইজানের ভক্ত।"

কেষ্টর দিল্লি যাওয়া পাকা নওশাদের ঘরে ফেরার দিনে
বুকে আইএসএফ বিধায়কের ছবি সাঁটিয়ে আবির মেখে উন্মাদনায় মেতে উঠলেন কর্মী সমর্থকরা। একেবারে অন্য ছবি দেখা গেল ফুরফুরায়। আইএসএফ নেতা-কর্মীরা আনন্দে নকুলদানা বিলি করলেন।আইএসএফ সমর্থকরা স্লোগান তুলছেন ভাইজানের নামে। বলছেন, কেষ্টর দিল্লি যাওয়া পাকা নওশাদের ঘরে ফেরার দিনে।

ফুল, মালা আর আবির নিয়ে অপেক্ষায়- কখন ফিরবেন ভাইজান
আদালত থেকে কাগজ না এসে পৌঁছনোয় শুক্রবার জেল থেকে ছাড়া পাননি নওশাদ সিদ্দিকি। শনিবার প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়ে ফুরফুরায় বাড়ি ফিরলেন তিনি। সকাল থেকে তার অনুরাগী ও আইএসএফ কর্মী-সমর্থকরা ভিড় করতে শুরু করেন ফুরফুরায়। ফুরফুরা উজল পুকুর ধারে থিক থিক করছে জনতা। ফুল, মালা আর আবির নিয়ে তাঁরা অপেক্ষায়- কখন ফিরবেন ভাইজান।

‘জোড়া আনন্দে আমরা নকুলদানা খাওয়াচ্ছি মানুষকে’
আইএসএফের হুগলি জেলার যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অনুব্রত মণ্ডল দিল্লি যাচ্ছে, নওশাদ ভাইজান ঘরে ফিরছে- সেই আনন্দে আমরা নকুলদানা খাওয়াচ্ছি মানুষকে। অন্যায়ভাবে চল্লিশ দিন জেলে আটকে রাখা হয়েছিল নওশাদ ভাইজানকে। জামিন পাওয়ার পর আরও দু'দিন কাটল জেলে। এদিন তিনি ঘরে ফিরতেই তাঁকে নিয়ে উন্মাদনা আইএসএফ কর্মীদের। তাঁকে মালা পরিয়ে, ফুল ছড়িয়ে বরণ করে নিলেন কর্মী-সমর্থকরা।

হাওড়ার গড়ফায় গাড়ি পৌঁছতেই কর্মী-সমর্থকদের উল্লাসে
শুধু ফুরফুরাতেই নয়, ফুরফুরা ফেরার পথে হাওড়ার গড়ফা মোড়েও ছিল সাজো সাজো রব। মুক্তি পাওয়ার পর নওশাদ সিদ্দিকির গাড়ি এখান দিয়েই যাবে ফুরফুরায়। গড়ফায় তাঁর গাড়ি পৌঁছতেই কর্মী-সমর্থকরা ভাইজান বলে উল্লাসে ফেটে পড়েন। তাঁকে মালা পরিয়ে সংবর্ধনা জানান। তাঁরা জানান, ভাইজান এতদিন পর ছাড়া পেয়েছেন, আমরা খুব খুশি।

কর্মী-সমর্থকরা বলেন, সত্যের জয় হয়েছে
গড়ফায় নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপ্লুত আইএসএফ কর্মী-সমর্থকরা বলেন, সত্যের জয় হয়েছে। মিথ্যা দিয়ে ভাইজানকে আটকে রাখতে পারেনি ওরা। এদিন নওশাদ সিদ্দিকীর উপর পুষ্পবৃষ্টি করেন কর্মীরা। হুড-খোলা গাড়িতে ছিলেন নওশাদ। তাঁকে নিয়ে এদিন উন্মাদনা ছিল দেখার মতো।

আবেগে ভাসলেন নওশাদ, কর্মী-সমর্থকদের দিলেন বার্তা
তিনি বলেন, "এত মানুষ আমাকে ভালবাসে। তার জন্য ধন্যবাদ। এদের আবেগকে আমি সম্মান করি। এই আবেগকে আমি টাকার বিনিময়ে বিক্রি করতে পারি না। আমার রাজনৈতিক জীবনে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অসংসদীয়, অনৈতিক একটাও শব্দ আমি কখনো বলিনি। আমি সবসময় গঠনমূলক কথা বলার চেষ্টা করি। মানুষকে ঐক্যবদ্ধ হবার কথা বলি।"












Click it and Unblock the Notifications