বারবার ভাঙড়ে ঢুকতে বাধা, শেষে মোদীর কাছে দরবার নওশাদের
হাইকোর্ট, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সব জায়গায় দরবার করেছেন। কিন্তু নিজের এলাকাতেই ঢুকতে পারছেন না ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। শেষ পর্যন্ত কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইএসএফ সুপ্রিমো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে এবার কেন্দ্রের কাছে আর্জি জানাবেন তিনি।
গত কয়েক দিন ধরে ভাঙড়ে ঢোকার চেষ্টা করছেন তিনি। কিন্তু কিছুতেই তিনি ঢুকতে পারছেন না। রবিবার নিউটাউনেই তাঁকে আটকে দিয়েছিল পুলিশ। সেসময় পুলিশ তাঁকে জানিয়েছিল ভাঙড়ে ১৪৪ ধারা জারি রয়েছে তাই তিনি যেতে পারবেন না। পাল্টা নওশাদ বলেছিলেন তিনি ভাঙড়ের বিধায়ক ১৪৪ ধারা জারি থাকলেও তাঁর সেখানে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু পুলিশ জানায় ১৪৪ ধারা জারির মধ্যে যাঁরা ভাঙড়ে প্রবেশ করতে পারবেন তাঁদের একটি তালিকা রয়েছে। সেই তালিকায় নওশাদ সিদ্দিকির নাম নেই।

সোমবারেও একই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নওশাদ সিদ্দিকি। তাঁকে কিছুতেই প্রবেশ করতে দেওয়া হয়নি ভাঙড়ে। রেগে আগুন বিধায়ক শেষে হাইকোর্টে নালিশ ঠোকেন। িতনি অভিযোগ জানান ভাঙড়ের বিধায়ক তিনি। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে জিতেছে তার দল। তারপর থেকে তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
এমনকী হাইকোর্টের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও একই অভিযোগ জানিয়েছেন নওশাদ। কিন্তু এখনও তাঁকে ভাঙড়ে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে ভাঙড়ে ১৪৪ ধারা জারির মধ্যেও গুলি চলার ঘটনা ঘটছে। পরাজিত তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গতকাল রাতে গুলি চালানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications