শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ কি অমিতের মেদিনীপুরে সফরের সঙ্গে এক সূত্রে বাঁধা, জল্পনা তুঙ্গে
শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ কি অমিতের মেদিনীপুরে সফরের সঙ্গে এক সূত্রে বাঁধা, জল্পনা তুঙ্গে
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে, তা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে শুভেন্দু-গড় মেদিনীপুরে আসছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর নিয়ে যখন প্রস্তুতি তুঙ্গে, তখনই শুভেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছে।

শুভেন্দু কোন দলে, অমিত শাহের সফরের আগে জল্পনা
শুভেন্দু যে তৃণমূলে থাকছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। এখনি তাঁর গতিবিধি নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। শুভেন্দু কোন দলে নাম লেখাবেন, নাকি তিনি পৃথক দল করবেন। সম্প্রতি দাদার অনুগামীদের সৌজন্যে শুভেন্দুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা বাড়ছে। আর অমিত শাহের সফর আবার সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

যতক্ষণ না শুভেন্দু নিজে কিছু বলছেন, গুঞ্জন বেড়েই চলেছে
রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, শুভেন্দু আগামী ১৮ ডিসেম্বর বিজেপিতে যোগদান করতে পারেন। দিল্লিতে গিয়ে তিনি পদ্ম পতাকা হাতে তুলে নিতে পারেন। তবে এই বিষয়ে শুভেন্দু নিজে কিছু জানাননি। তিনি ইতিমধ্যে বারংবার বলেছেন, যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন, কেউ যেন তাঁকে নিয়ে কোনও গুঞ্জনে কান না দেন।

শাহের ১৯ ডিসেম্বর মেদিনীপুর সফরের আগে জল্পনায় শুভেন্দু
তবে শুভেন্দু যতই একথা বলুন, তাঁর অনুগামীদের গতিবিধি কিন্তু অন্য বার্তা দিচ্ছে। তাঁর অনুগামীরাই বিভিন্ন ক্ষেত্রে জল্পনা ছড়াচ্ছেন, শুভেন্দু ১৮ ডিসেম্বর যোগ দিতে পারেন বিজেপিতে। এই আঙ্গিকেই প্রশ্ন, অমিত শাহ ১৯ ডিসেম্বর আসছেন মেদিনীপুর সফরে। তবে কি শুভেন্দুর যোগদানের পর অমিত শাহের জনসভরা জন্য মেদিনীপুরকে বেছে নেওয়া শুভেন্দুর কারণেই!

শুভেন্দুর রং পরিবর্তন আসন্ন, রঙে রঙেই বাড়ছে জল্পনা
আগে পুরুলিয়া ও নন্দীগ্রামে দাদার অনুগামীরা নতুন অফিস খুলেছিলেন। সেই অফিস ছিল সবুজ রঙের, সেখানে নীল-সাদার অস্তিত্বও ছিল। শুভেন্দুও এখনও নীল-সাদা পোশাকে দেখা দিচ্ছেন। তবু কাঁথির বুকে রাতারাতি গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র খোলার পর থেকেই শুভেন্দুর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

অমিতের মেদিনীপুর সফর অন্য মাত্রা পেতে পারে! জল্পনা
শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই অমিত শাহের মেদিনীপুর সফর এক অন্য মাত্রা এনে দিয়েছে। এর আগেও শুভেন্দুকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহল মনে করেছিল তিনি নাড্ডার সফরে যোগ দিতে পারেন বিজেপিতে। তার আগে আবার তিনি কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ভয়ে কলকাতা চক্কর কেটে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে নাড্ডার সফরে তিনি যোগদান করেননি বিজেপিতে। এখন অমিত সফরের আগে শুভেন্দু কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications