তেলেঙ্গানা দেখে উৎসাহিত গোর্খা নেতারা ফের দিল্লির দরবারে

গতকাল রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। আপাতত কিছুদিন সেখানেই থাকবেন। সংগঠনের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, "তেলেঙ্গানা ইস্যুতে বোঝা গিয়েছে যে, একটা আলাদা রাজ্য গঠনে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। কেন্দ্রীয় সরকার যদি মনে করে আলাদা রাজ্য গঠন হবে, তা হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার ঠেকাতে পারবে না। আমরা তাই জাতীয় স্তরে সমর্থন আদায়ের চেষ্টা করছি।"
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন, তেলেঙ্গানা তৈরি হলে আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে ফের আন্দোলন শুরু হবে। তাই তাঁর নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের উভয় কক্ষে তেলেঙ্গানা বিল নিয়ে জোরালো প্রতিবাদ করেন। মমতার সেই অনুমান যে নির্ভুল ছিল, এখন গোর্খা জনমুক্তি মোর্চার কথা থেকে পরিষ্কার হয়ে গেল।
এর আগেও রোশন গিরিরা দিল্লিতে গিয়ে গোর্খাল্যান্ড নিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন। কিন্তু তখন খালি হাতে ফিরতে হয়েছিল। এবার কতটা সফল হবেন, তা সময়ই বলবে। যদি ফের দার্জিলিঙে হিংসাত্মক আন্দোলন শুরু হয়, তা হলে আবারও সেখানকার পর্যটন নির্ভর অর্থনীতিতে ধস নামবে। ওয়াকিবহাল মহলের মতে, ফের হিংসাত্মক দিন ফিরে আসতে চলেছে দার্জিলিঙে।












Click it and Unblock the Notifications